
মুখে হাসি নেই শেখ রাসেলের খেলোয়াড়দের। কোচ মারুফুল হকেরও মন খারাপ। দুঃস্বপ্নের ঘেরাটোপ থেকে বেরোনোর স্বপ্ন দেখেছিলেন কোচ। কিন্তু ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এগিয়ে থেকেও বিজেএমসির সঙ্গে ১-১ গোলে ড্র; পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে। কোচের জন্য সান্ত্বনা, লিগের পঞ্চম ম্যাচে এসে একটা পয়েন্ট অন্তত পেলেন। ১ পয়েন্ট নিয়ে তলানিতেই শেখ রাসেলের অবস্থান, চার ড্রয়ে ৪ পয়েন্ট পাওয়া বিজেএমসি রইল আটেই।
টানা হারতে থাকা শেখ রাসেল কোচ মারুফুল আগের ম্যাচ থেকে চারটি পরিবর্তন আনেন কালকের একাদশে। নামিয়েছেন মিঠুন চৌধুরী, অরূপ বৈদ্য, নাহায়ো ভেলেরি ও নাহিদুল ইসলামকে। কিন্তু তাতেও জয় আসেনি।
শাখাওয়াত রনি ও মিঠুন গোটা চারেক সহজ সুযোগ নষ্ট করেছেন। গোল নষ্টের মহড়ায় সমানে সমান ছিল অবশ্য বিজেএমসিরও। একাধিক সুযোগ নষ্ট করেছেন বিজেএমসির স্যামসান ইলিয়াসু।
প্রথমার্ধের আধাআধি পর্যন্ত দাপটের সঙ্গে খেলেছে বিজেএমসি। ওই সময়ে পাঁচটি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি। ২৪ মিনিটে বক্সের সামান্য বাইরে থেকে ফ্রি-কিক পায় শেখ রাসেল। মোনায়েম খান রাজুর ফ্রি-কিকে দুর্দান্ত হেডে জাঁ ইকাঙ্গা এগিয়ে নেন দলকে। লিগের পাঁচ ম্যাচে এটি মাত্র দ্বিতীয় গোল শেখ রাসেলের। প্রথমটি করেছিলেন জামাল ভূঁইয়া, চট্টগ্রামে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে।
বিজেএমসির কোচ মং মারমা দ্বিতীয়ার্ধে সোহেল রানাকে তুলে মাঠে নামান মেহেদী হাসান তপুকে। ডান প্রান্তিক আক্রমণের গতিও বেড়ে যায় এতে। ৫০ মিনিটে এই তপুর ক্রসেই কোনাকুনি প্লেসিংয়ে ১-১ করেন জাকির হোসেন জিকু। ময়মনসিংহের গফরগাঁওয়ের ছেলে গোল করেই উদ্যাপনের জন্য ছুটে গেছেন গ্যালারির দিকে। জিকুই হতে পারতেন ম্যাচের নায়ক। ৬৫ মিনিটে জিকুর ক্রস থেকে ফাঁকা পোস্টেও বল পায়ে ছোঁয়াতে পারেননি না তপু! ৮৫ মিনিটে প্রতি-আক্রমণ থেকে আরেকটি গোলের সুযোগ পেয়েছিল বিজেএমসি। মাঝমাঠ থেকে বল নিয়ে একাই বক্সে ঢোকেন স্যামসান ইলিয়াসু। সামনে তখন শুধুই রাসেলের গোলরক্ষক জিয়াউর রহমান। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে জিয়ার মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে দেন বাইরে! হতভম্ব ইলিয়াসু খানিকক্ষণ মাঠেই শুয়ে রইলেন।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে প্রথম পয়েন্ট পাওয়ার সান্ত্বনা খুঁজলেন মারুফুল, ‘আমাদের খারাপ সময় কাটতে শুরু করেছে। চার ম্যাচ হারের পর আজ পয়েন্ট পেয়েছি। ইনশা আল্লাহ, সামনের ম্যাচ থেকে জিততে পারব।’ ফরোয়ার্ডদের ব্যর্থতাও ঘুচে যাবে বলে বিশ্বাস শেখ রাসেলের কোচের, ‘রনি তিন মাস পর চোট কাটিয়ে ফিরেছে। তারপরও ও যেভাবে খেলছে তাতে কিছুটা হলেও আত্মবিশ্বাস বেড়েছে। তবে এদের নিয়ে আরও কাজ করতে হবে।’ শেখ রাসেলের সঙ্গে পয়েন্ট ভাগ করতে হওয়ায় হতাশ বিজেএমসির কোচ মং মারমা, ‘আমরা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। এটা আমাদের দুর্ভাগ্য। শেষের দিকে বেশ কয়েকটি নিশ্চিত সুযোগ নষ্ট করেছে ছেলেরা। তবে ওদের পারফরম্যান্সে খুশি।’