স্বাগতিক বলেই এগিয়ে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল বাফুফে ভবনে বাংলাদেশ ও শ্রীলঙ্কার অধিনায়ক l সৌজন্য ছবি
কাল বাফুফে ভবনে বাংলাদেশ ও শ্রীলঙ্কার অধিনায়ক l সৌজন্য ছবি

কোচ বিদায় নিয়ে গত কয়েক দিনের নাটক আপাতত শেষ। সবার চোখ এখন বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের আন্তর্জাতিক প্রীতি সিরিজের দিকে। ২৪ ও ২৭ অক্টোবর যশোর ও রাজশাহীতে হবে ম্যাচ দুটি। গতকাল সকালে ঢাকায় এসেছে শ্রীলঙ্কা দল। দুপুরে বাফুফে ভবনে সংবাদ সম্মেলন। যেখানে ম্যাচ দুটিতে জয়ের আশাবাদ শোনাল দুই দলই।
কাছাকাছি মানের দল হওয়ায় জয় পেতে পারে যে কেউই। তবে শ্রীলঙ্কার সঙ্গে জয়ের রেকর্ডে এগিয়ে বাংলাদেশ। দুদলের ১১ লড়াইয়ে বাংলাদেশের জয় ৭, হার ৩, ড্র ১। তার ওপর বাংলাদেশ পাচ্ছে ঘরের মাঠের সুবিধা। ফেবারিট তাই বাংলাদেশই।
শ্রীলঙ্কার সার্বিয়ান কোচ নিকোলা কাভাজোভিচও সেটি মানলেন। পরিসংখ্যান তাঁর কাছে গুরুত্বপূর্ণ নয়। তবে বাংলাদেশের স্বাগতিক হওয়ার সুবিধা অস্বীকার করতে পারলেন না নোভাক জোকোভিচের শহরের ৩৯ বছর বয়সী তরুণ কোচ, ‘এই সিরিজে বাংলাদেশকে একটা বিবেচনাতেই এগিয়ে রাখব, সেটি হলো ওরা স্বাগতিক।’
শ্রীলঙ্কা প্রেরণা খুঁজছে কলম্বোতে এএফসি চ্যালেঞ্জ কাপে বাংলাদেশকে ৩-০ গোলে হারানোর সুখস্মৃতি। এবার নিজেদের মাঠে তা মুছে দেওয়ার একটা সুযোগ লাল-সবুজের দুয়ারে দাঁড়িয়ে। সে লক্ষ্য নিয়েই শ্রীলঙ্কাকে সঙ্গী করে গতকাল সড়কপথে যশোর গেল বাংলাদেশ দল।
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার মধ্যে আছে বাংলাদেশ। শ্রীলঙ্কার কোচ সেদিকে ইঙ্গিত করে বললেন, ‘আমরা বাংলাদেশের এই দলটির সবকিছুই জানি।’ শ্রীলঙ্কান কোচের সঙ্গে করমর্দন করে বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলামও বলছিলেন, ‘আমি তো বটেই, আমাদের সবার সম্পর্কেই ওরা ভালো ধারণা নিয়ে এসেছে।’
গত এশিয়ান গেমসে খেলেনি শ্রীলঙ্কা। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ম্যাচও খেলেছে খুবই কম। তাই বাংলাদেশের কাছে অচেনা এক শ্রীলঙ্কাই এসেছে। গত ৩ জুলাই দায়িত্ব নেওয়া কাভাজোভিচের অধীনে শ্রীলঙ্কা ম্যাচ খেলেছে মাত্র দুটি। আফ্রিকার ছোট্ট দ্বীপ সেসেলসের সঙ্গে তাদেরই মাঠে দুটি প্রীতি ম্যাচের একটিতে জয় (১-০), একটিতে হার (৩-০)।
শ্রীলঙ্কার এই দলটির মাত্র চারজন খেলোয়াড়ের বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। নতুন একটা দলই গড়ে তুলছেন কোচ। সেই দল নিয়েই অধিনায়ক তিলানা বান্দারার কণ্ঠে প্রতিজ্ঞার সুর, ‘বাংলাদেশের সঙ্গে অবশ্যই জিততে চাই।’ বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলামের কণ্ঠেও একই উচ্চারণ, ‘আমরা দুটি ম্যাচই জিতব আশা করি।’
লোডভিক ডি ক্রুইফের বিদায়ে দায়িত্ব পাওয়া সহকারী কোচ সাইফুল বারী সময় পেয়েছেন অল্প কয়েক দিন। বিকেএসপিতে জাতীয় দলের ক্যাম্পে শেখ জামাল ধানমন্ডি তাদের নয়জন খেলোয়াড় ছেড়েছে শেষ সময়ে। পুরো দল তাই একসঙ্গে সেভাবে অনুশীলনই করতে পারেনি।
সাইফুল অবশ্য এসব নিয়ে চিন্তিত নন, ‘আমাদের সব ঠিকঠাক এগোবে আশা করি।’ ডি ক্রুইফের ৪-৩-৩ ছকই এই সিরিজে অনুসরণের পক্ষে সাইফুল। শ্রীলঙ্কান কোচেরও একই ছক। ২৭ তারিখের ম্যাচটা চ্যানেল নাইনে দেখানো হবে, যশোরের ম্যাচটি দেখাতে পারে বিটিভি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলনেতা ইকবাল হোসেন, ম্যানেজার আমিরুল ইসলামের (বাবু) কথায় থাকল শ্রীলঙ্কাকে হারানোর প্রত্যয়। সিরিজের পৃষ্ঠপোষক এসএস স্টিলের কর্মকর্তা মেজর (অব.) নুরুল আমিন তুলে আনলেন সিরিজের অন্য দিকটা, ‘এমন আয়োজন বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেবে সামনে।’
এটিই আসল কথা।