স্বাগতিকদের টিকিয়ে রাখলেন জাহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই আবাহনীর লড়াইয়ে ব্যবধান গড়ে দিলেন জাহিদ। চট্টগ্রাম আবাহনীর গোলের পর সতীর্থদের উৎসবের মধ্যমণি হয়ে থাকলেন তিনিই l শামসুল হক
দুই আবাহনীর লড়াইয়ে ব্যবধান গড়ে দিলেন জাহিদ। চট্টগ্রাম আবাহনীর গোলের পর সতীর্থদের উৎসবের মধ্যমণি হয়ে থাকলেন তিনিই l শামসুল হক

ফ্রিকিক থেকে বলটা সরাসরি জালে জড়িয়ে লম্বা দৌড়। যেন সবাইকে বলতে চাইলেন, ‘আমি জাহিদ, আমি অনেক কিছুই পারি।’ হ্যাঁ, জাহিদ চাইলে অনেক কিছুই পারেন। একটু ‘মনোযোগ’, দলের প্রতি ‘নিবেদন’ থাকলে এই উইঙ্গার যে ম্যাচ জেতাতে পারেন, কাল তা আরও একবার দেখালেন।

৪৭ মিনিটে জাহিদের সেই ফ্রিকিক গোল ধরে রেখে ঢাকা আবাহনীর বিপক্ষে জয় তুলে নিল চট্টগ্রাম আবাহনী। এই জয়ে শেখ কামাল টুর্নামেন্টে স্বাগতিক দল টিকে আছে ভালোভাবেই। প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে হার খাদের কিনারে নিয়ে গিয়েছিল চট্টগ্রাম আবাহনীকে। আগের ম্যাচে করাচি ইলেকট্রিক ক্লাবের বিপক্ষে ৩-২ গোলে জয় পাওয়া ঢাকা আবাহনীর কাছে হারলেই ঘরের মাঠে হয়ে যেত দর্শক। টুর্নামেন্ট হারাত আকর্ষণ।

জাহিদ তা হতে দিলেন না। নিজের প্রতি উদাসীনতা, খেলায় মনোযোগ কম, ইত্যাদি সব অভিযোগ তাঁর বিরুদ্ধে। তবে জাহিদ খেললে দলকে জেতার জন্য ভাবতে হয় না। ক্লাব ফুটবলে কথাটা অনেকেরই মুখে। সেই জাহিদ কাল দলকে জিতিয়ে ম্যাচসেরা হলেন। অনেক দিন পর তাঁর মুখে হাসি।

যোগ্যতর দল হিসেবেই জয়টা ঘরে তুলেছে চট্টগ্রাম আবাহনী। খেলোয়াড়েরা উজাড় করে দিয়েছেন নিজেদের। প্রথমার্ধে কয়েকবার ঢাকা আবাহনীর গোলমুখ প্রায় খুলেই ফেলেছিল। একবার তো পেশাদার লিগের চারবারের চ্যাম্পিয়নদের গোললাইন থেকে বাঁচিয়ে দিলেন ডিফেন্ডার নাসিরুল ইসলাম। বিরতির পরপরই জাহিদ ঝলকে পাওয়া গোলটা ধরে রাখা দিকেই বেশি মনোযোগী থাকল চট্টগ্রাম আবাহনী।

কিছুটা নিচে নেমে যাওয়া স্বাগতিক দলের রক্ষণটা কিন্তু ভাঙতে পারেনি ঢাকা আবাহনী। গোটা ম্যাচেই যে নিষ্প্রভ থাকলেন আগের ম্যাচে জ্বলে ওঠা তাদের দুই স্ট্রাইকার সানডে ও কেস্টার আকন। এদিন মাঝমাঠেও তেমন বল নিয়ন্ত্রণ করতে পারেননি অধিনায়ক প্রাণতোষ। উইং ব্যাক ওয়ালি ফয়সাল আগের ম্যাচে ওভারল্যাপ করে বারবার উঠেছেন, কাল সেটিও দেখা যায়নি। কেস্টার, প্রাণতোষ, ওয়ালি তিনজনেরই হালকা চোট থাকায় মাঠে সেরাটা দিতে পারেননি। প্রথম ম্যাচের আবাহনীকে তাই এদিন অচেনা।

জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা ঢাকা আবাহনীর সেমিফাইনালে যাওয়া এখন সুতোয় ঝুলছে। শেষ ম্যাচ ইস্টবেঙ্গলের সঙ্গে জিতলেও গোলগড় কী দাঁড়ায় তার ওপরই নির্ভর করছে ঢাকা আবাহনীর ভবিষ্যৎ। কোচ অমলেশ সেনও তা মেনে নিলেন। তারপর কণ্ঠে ঝরল অতৃপ্তি, ‘চোট–সমস্যায় আজ আমরা কোনো সুযোগই তৈরি করতে পারলাম না।’

চট্টগ্রাম আবাহনী নতুন প্রাণ পেয়ে উজ্জীবিতই হয়ে উঠল আরও। ম্যাচের পর তাদের উচ্ছ্বাস সেটিই বলে দিচ্ছিল। সংবাদ সম্মেলনে আসা কোচ শফিকুল ইসলাম মানিক বেশ ফুরফুরে, ‘পরিকল্পনা অনুযায়ী আমরা মাঠে খেলতে পেরেছি। জয়টাই আসল, সেটি পেয়ে সেমিফাইনালে যাওয়ার ব্যাপারেও এখন অমরা আশাবাদী।’