স্বাধীনতা কাপে নেই শেখ জামাল
বাফুফের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে এবার মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপে খেলছে না প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব! তাদের সঙ্গী হয়ে এই টুর্নামেন্টে খেলবে না প্রিমিয়ার লিগে ফিরে আসা আরামবাগও।
কাল বাফুফে ভবনে এই দুই দলকে ছাড়াই হয়ে গেল স্বাধীনতা কাপের ড্র। ‘এ’ গ্রুপে পড়েছে মোহামেডান, ব্রাদার্স, মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারা। ‘বি’ গ্রুপে আবাহনী, শেখ রাসেল, বিজেএমসি, ফেনী সকার ও রহমতগঞ্জ। ৩০ মার্চ বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে এবারের বিলম্বিত ফুটবল মৌসুম। দুই গ্রুপের সেরা চারটি দল উঠবে সেমিফাইনালে। ফাইনাল ১৫ এপ্রিল।
ওদিকে ফরাশগঞ্জ ও কক্সবাজারের দল কক্স সিটির শাস্তি আংশিক প্রত্যাহার করে নিয়েছে বাফুফে। এর ফলে এবারের প্রিমিয়ার লিগের পরের লিগে খেলতে পারবে ফরাশগঞ্জ। তবে আগামী চ্যাম্পিয়নশিপ লিগে খেলার অনুমতি দেওয়া হয়েছে কক্স সিটিকে।