স্বাধীনতা কাপের ফাইনাল 'আবাহনী বনাম আবাহনী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম আবাহনীকে জয় এনে দিয়েছেন রানা। ছবি: শামসুল হক
চট্টগ্রাম আবাহনীকে জয় এনে দিয়েছেন রানা। ছবি: শামসুল হক

ভাগ্য ছিল চট্টগ্রাম আবাহনীর সঙ্গেই। এ কারণেই হয়তো প্রথমার্ধের শেষ দিকে পিছিয়ে পড়েও ম্যাচে সমতা ফিরিয়েছিল তারা। ভাগ্য যে সত্যিই তাদের সঙ্গে আছে, সেটা প্রমাণিত হলো টাইব্রেকারের সময়ই। পেনাল্টি শুট আউটে ভাগ্য পরীক্ষায় ৪-২ গোলে শেখ রাসেলকে হারিয়ে স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে পৌঁছে গেছে তারা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা অমীমাংসিত ছিল ১-১ গোলে।
প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে শেখ রাসেলকে ১-০ গোলে এগিয়ে দিয়েছিলেন ইথিওপিয়ান ফরোয়ার্ড ফিকরু। গোলটির উৎস ছিল আতিকুর রহমান মিশু। মিশুর ক্রস থেকে গোলে শট নিয়েছিলেন সাখাওয়াত রনি। কিন্তু তাঁর শট গোলরক্ষক রানা ফেরালে ফিরতি বল হেড করে জালে পাঠিয়ে দেন ফিকরু। চট্টগ্রাম আবাহনীকে খেলায় ফেরান রুবেল মিয়া। দ্বিতীয়ার্ধের ২১ মিনিটে হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল সেন্ট পিরোর ক্রস থেকে দারুণ এক গোল করেন তিনি। এরপর ম্যাচের গতি-প্রকৃতি নিরন্তর ইঙ্গিত দিয়ে গেছে টাইব্রেকার-ভাগ্যের। টাইব্রেকারেই শেষ অবধি বাজিমাত চট্টগ্রাম আবাহনীর।
ম্যাচটা মন্দ হয়নি। তবে পুরো ম্যাচে কিছুটা হলেও প্রাধান্য ছিল শেখ রাসেলের। বিশেষ করে রাসেলের তিন বিদেশি ফিকরু, বুরুন্ডির ভ্যালেরি আর ক্যামেরুনেরই কাঙ্গা নিজেদের কারিশমা দিয়েই বারবার ভাঙতে চাচ্ছিলেন আবাহনী রক্ষণ। সঙ্গে ছিলেন অরূপ বৈদ্য। মোহামেডান থেকে রাসেলে আসা অরূপ বৈদ্য ডান দিক দিয়ে বেশ কয়েকবারই আতঙ্ক ছড়িয়েছেন চট্টগ্রাম আবাহনীর রক্ষণে।
চট্টগ্রাম আবাহনীর জাহিদ হোসেন, আরমান আজিজরাও পাল্টা আক্রমণে গেছেন। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাটা ছিল জমজমাটই।
ম্যাচের প্রথমার্ধে শেখ রাসেল পরিষ্কার সুযোগ বেশি পেয়েছিল। দ্বিতীয়ার্ধে সুযোগ বেশি পেয়েছে আবাহনী। প্রথমার্ধে মোনায়েম খান রাজুর পাস থেকে বল পেয়ে ফিকরু শাহেদুল আলম শাহেদের দিকে বল ঠেললে তিনি সুবিধাজনক জায়গা থেকে বাইরে মারেন। দ্বিতীয়ার্ধে ঠিক একই ভাবে জাহিদের পাস থেকে বল পেয়ে বাইরে মারেন কৌশিক বড়ুয়া।
দ্বিতীয়ার্ধে ডান দিক থেকে লিওনেল প্রায় একক প্রচেষ্টায় বল নিয়ে রাসেলের বক্সে ঢুকে পড়লেও তাঁর বাড়ানো ক্রসটি ধরার মতো কেউই ছিলেন না।
টাইব্রেকারে শেখ রাসেলের পক্ষে গোল করেন ফিকরু, ভ্যালেরি। মিঠুন চৌধুরী নিজের শটটি বাইরে মারেন। রাসেলের চূড়ান্ত সর্বনাশ ডেকে আনেন শাহেদুল আলম আবাহনীর গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার হাতে বল তুলে দিয়ে। চট্টগ্রাম আবাহনীর পক্ষে চারটি শটেই সফল ছিলেন মরোক্কান ফুটবলার তারিক আল জানাবি, নাইজেরিয়ার অ্যালিসন উডোকা, লিওনেল ও অধিনায়ক জাহিদ। জাহিদের শটেই ফাইনাল নিশ্চিত হয়ে যায় চট্টগ্রাম আবাহনীর।
আগামী শনিবার ফাইনালে ঢাকা আবাহনীর মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী।