স্বাধীনতার বিপক্ষে আবাহনীর প্রত্যাশিত জয়

প্রত্যাশিত জয় পেয়েছে আবাহনীছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মৌসুমে ভালো মানের বিদেশি খেলোয়াড় দলে ভিড়িয়ে চমক উপহার দিয়েছে আবাহনী লিমিটেড। প্রত্যাশিত জয় দিয়েই আজ স্বাধীনতা কাপ শুরু করেছে তারা। কমলাপুর শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে স্বাধীনতা ক্রীড়া সংঘকে ২–১ গোলে হারিয়েছে মারিও লেমোসের দল। আবাহনীর গোল দুটি স্থানীয় স্ট্রাইকার মেহেদি হাসান ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগুস্তোর। স্বাধীনতার হয়ে ব্যবধান কমিয়েছেন উজবেকিস্তানের মিডফিল্ডার নদিরবেক মাভলোনোভ।

সর্বশেষ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে চ্যাম্পিয়ন হয়ে এবার প্রিমিয়ার লিগে নাম লিখিয়েছে স্বাধীনতা। দেশের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে প্রথম খেলতে আসা দলটির বিপক্ষে আবাহনী জিতবে, এটা অনুমেয়ই ছিল। দর্শকদের আগ্রহ ছিল কিছু খেলোয়াড়ের ব্যক্তিগত পারফরম্যান্স পরখ করে দেখার। আবাহনীর নতুন আক্রমণভাগ কতটা ক্ষুরধার হলো, এ নিয়েও সমর্থকদের কৌতূহল।

হেডে গোল করেন মেহেদি
ছবি: প্রথম আলো

এক মৌসুম বাদে কোস্টারিকার হয়ে রাশিয়া বিশ্বকাপ খেলা দানিয়েল কলিনদ্রেসকে বাংলাদেশে ফিরিয়ে এনেছে আবাহনী। বসুন্ধরা কিংসের জার্সিতে আলো ছড়ানো কলিনদ্রেস আবাহনীর নীল–হলুদ জার্সিতে কতটা আলো ছড়িয়ে শুরু করতে পারেন, সেটিই ছিল বড় প্রশ্ন। খারাপ খেলেননি, কিন্তু তাঁর কাছ থেকে এটাই প্রত্যাশিত। কলিনদ্রেসের মতো আবাহনী পুরো দলটার চিত্রও তাই। জিতলেও চমক জাগানো পারফরম্যান্স দেখাতে পারেনি আকাশি–নীলরা।

আন্তর্জাতিক ছাড়পত্র না আসায় ব্রাজিলিয়ান ডোরিয়েলটন গোমেজকে খেলাতে পারেনি আবাহনী। আক্রমণভাগের নাম্বার নাইনে মেহেদি হাসান, বাঁ প্রান্তে কলিনদ্রেস ও ডান প্রান্তে রাকিব হোসেন। মৌসুমের প্রথম ম্যাচে যা হয়, বোঝাপড়ার অভাবটাই ফুটে উঠল। কলিনদ্রেস বল পাঠাচ্ছিলেন, কিন্তু সেটা কাজে লাগানোর মতো সতীর্থ ছিলেন না জায়গামতো। মাঝে মাঝেই হাত উচিয়ে নিজের হতাশাও প্রকাশ করতে ছাড়লেন না।

ঢাকার ফুটবলে আবারও কলিনদ্রেসের দেখা মিলল
ছবি: প্রথম আলো

স্বাধীনতায় স্থানীয় খেলোয়াড় তালিকায় কোনো পরিচিত নাম নেই। বিদেশি তালিকায় পোল্যান্ডের মিডফিল্ডার রাফাল জাভারোস্কি ও বসনিয়ার স্ট্রাইকার নেডো তারকোভিচকে নিয়ে দলের মধ্যে ইউরোপিয়ান একটা ভাব তৈরি করার চেষ্টা আছে। আবাহনীর মতো বড় দলকে শুরুতে ঝাঁকুনিই দিয়েছিল তারা।

১০ মিনিটে পোলিশ মিডফিল্ডার রাফালের বাতাসে ভাসিয়ে দেওয়া এক থ্রুতে ফাঁকা হয়ে যায় আবাহনীর রক্ষণভাগ। বুকে বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে এগিয়ে যাওয়া গোলরক্ষকের ওপর দিয়ে আলতো টোকায় তুলে দিয়েছিলেন নেডো। দুর্ভাগ্য তাঁর,সাইড পোস্টে লেগে ফিরে আসে। ৬ মিনিট পরেই আচমকা নেডোর দূরপাল্লার একটি শট সাইড পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

দারুণ গোল করেছেন রাফায়েল
ছবি: প্রথম আলো

২৯ মিনিটে হাঁপ ছেড়ে বাঁচে আবাহনী। লেফটব্যাক নুরুল নাঈমের ক্রস স্বাধীনতা সেন্টারব্যাক সিয়ামাক কুরেয়েশির মাথা ছুঁয়ে বক্সে পড়লে হেডে গোল করেন মেহেদি। ৩ মিনিট পরেই ব্যবধানটা বাড়তে পারত। কলিনদ্রেসের কর্নার থেকে রাফায়েল অগুস্তোর হেড সাইড পোস্ট ঘেঁষে বাইরে। বিরতিতে যাওয়ার আগে আবাহনীর সামনে আরও একটি ভালো সুযোগ। মিডফিল্ডার ইমন বাবুর ক্রসে ইরানি ডিফেন্ডার মিলাদ শেখের হেড রাজু আহমেদের হাতে।

নতুন মৌসুমে আবাহনীর অধিনায়কত্বের দায়িত্ব ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েলের কাঁধে। বলের ওপর দারুণ দক্ষতার ছাপ গত মৌসুমেই দেখিয়েছেন। এবার কলিনদ্রেস ও ইমন বাবুকে পাওয়ায় তাঁর পারফরম্যান্স ফুটিয়ে তোলার জন্য মঞ্চটা তৈরি। অন্তত পাস দিয়ে এবার আর ফিরে পাওয়া নিয়ে তাঁর দুশ্চিন্তা না করলেও চলবে, সেটা প্রথম ম্যাচেই স্পষ্ট। ৭৪ মিনিটে বাঁ প্রান্তে দলীয় রসায়নে প্রতিপক্ষকে চাপে ফেলে গোলটি আদায় করে নিলেন রাফায়েল। বক্সের বাইরে থেকে তাঁর ডান পায়ের বাঁকানো শটটি গোলরক্ষকের চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না।

দেশের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে স্বাধীনতার প্রথম গোলদাতা নদিরবেক
ছবি: প্রথম আলো

নবাগত স্বাধীনতার স্থানীয় খেলোয়াড়েরা আনকোরা তরুণ। দুই ইউরোপিয়ানের সঙ্গে উজবেকিস্তানের মিডফিল্ডার নদিরবেক মাভলোনভ ও ইরানি সেন্টারব্যাক সিয়ামাক কোরায়েশি। সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে টিকে থাকার প্রতিশ্রুতি আছে দলটির মধ্যে। আবাহনী সামনে কখনোই হাল ছাড়তে দেখা যায়নি। ২–০ গোলে পিছিয়ে পড়েও শেষ দিকে ব্যবধান কমিয়ে ঘুরে দাঁড়াল। যোগ করা সময়ে মিডফিল্ডার নদিরবেকের গোলটিও চোখে লেগে থাকার মতো। যোগ করা সময়ে রাফালের ফ্রি–কিক আবাহনীর ডিফেন্ডার বিপদমুক্ত করলে ফিরতি বলে শূন্যে লাফিয়ে সিজর কিকে গোল করেছেন এই মিডফিল্ডার।

শেষ দিকে যেভাবে খেলল স্বাধীনতা, তাতে আবাহনী জয় নিয়ে ছাড়তে পারাটাই স্বস্তির।