স্বাধীনতার মাসে নয় স্বাধীনতা কাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি মৌসুমেই একটা বর্ষপঞ্জি ঘোষণা করে বাফুফে। সারা বছর কী কী করতে চায় তারই সংক্ষিপ্ত বর্ণনা এটি। কিন্তু অনেক কিছুই বাস্তবায়ন হয় না বলে বর্ষপঞ্জি কাগুজে দলিল হয়েই থাকে। তার পরও নৈমিত্তিক কাজ হিসেবে ২০১৫ সালের বর্ষপঞ্জি কাল প্রকাশ করা হয়েছে।
বয়সভিত্তিক নানা আয়োজন তো আছেই। মূল আলোটা জাতীয় দল ও সর্বোচ্চ স্তরের খেলার ওপরই থাকে বরাবর। জানুয়ারিতে বঙ্গবন্ধু কাপ, ডিসেম্বরে সাফ টুর্নামেন্ট দিয়ে শেষ হবে নতুন বছর। আন্তর্জাতিক নানা আয়োজন থাকছে মাঝখানে। মার্চে এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট। ফেব্রুয়ারিতে শেখ রাসেলের এএফসি কাপের ম্যাচ। জাতীয় দলের প্রতিযোগিতামূলক ম্যাচ থাকছে বেশ কয়েকটি। এগুলোর সময় পরে ঠিক হবে। তবে জাতীয় দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের কথা বলা হলেও সময় দেওয়া নেই।
সবচেয়ে লক্ষণীয়, এ বছর ঘরোয়া ফুটবল অনেকটাই পেছনের পাতায়। এ মাসে বঙ্গবন্ধু কাপ হলে আগামী মাসে ফেডারেশন কাপ দিয়ে মৌসুম শুরু হওয়ার কথা। বঙ্গবন্ধু কাপ পেছালে ঘরোয়া ফুটবল মাঠে নামতে সময় লাগবে আরও। এমন অনিশ্চয়তার মধ্যে প্রিমিয়ার লিগের সময় রাখা হয়েছে মার্চ-জুন।
তবে মাঝখানে খেলা বারবার বন্ধ হওয়ার সম্ভাবনা ‘উজ্জ্বল’, কাজেই লিগ জুলাই-আগস্ট পর্যন্ত চলে যেতে পারে। জুনে শেষ হলে তা হবে মাত্র চার মাসের লিগ। এত কম সময়ে পেশাদার লিগ আগে কখনো হয়নি। আগস্টে সুপার কাপ। স্বাধীনতা কাপ হওয়ার রীতি স্বাধীনতার মাস মার্চে। কিন্তু এবার এটির সময় জুন। তবে বাফুফের ঢিলেঢালা মনোভাবে লিগের পর স্বাধীনতা ও সুপার কাপ নিয়ে অনেকের মনেই আছে ঘোর সংশয়।