স্বেচ্ছায় হারের পর সেমিতে ওয়াকওভার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় চলমান জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবলে গতকাল ওয়াকওভার দিয়েছে সাতক্ষীরা দল। এর আগে যাতে সেমিফাইনালে খেলতে না হয়, সে জন্য নাকি দলটি ইচ্ছে করেই গ্রুপ পর্বে হেরে গেছে খাগড়াছড়ির কাছে!
সাতক্ষীরার কোচ আকবর আলী কাল স্বীকার করলেন স্বেচ্ছায় হেরে যাওয়ার ব্যাপারটা, ‘আমরা খাগড়াছড়ির সঙ্গে যাতে না জিততে পারি, এ জন্য রক্ষণভাগে দুর্বল খেলোয়াড় নামাই। খেলোয়াড়দেরও ভালো না খেলার নির্দেশনা দেওয়া হয়েছিল। তারপরও আমরা পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠে যাই।’ কিন্তু সেমিফাইনালে ওঠার পরও টাকার অভাবে আর ঢাকায় থাকতে পারেনি সাতক্ষীরা। ১০ ডিসেম্বর মেয়েদের নিয়ে সাতক্ষীরা ফিরে গেছেন কোচ। এই টুর্নামেন্টের জন্য ৪০ হাজার টাকা বরাদ্দ করেছিল সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ)। এর ২৫ হাজার টাকা অংশগ্রহণ ফি বাবদ পাওয়ার কথা ফুটবল ফেডারেশন থেকে। বাকি ১৫ হাজার টাকার মধ্যে মাত্র ৫ হাজার টাকা দেন ডিএফএর সভাপতি সিরাজুল ইসলাম। পরে বাকি টাকাগুলো চাইলেও আর পাননি কোচ। তাই রাগে-ক্ষোভে আর খেলতেই আসেননি ঢাকায়। কাল তাই সাতক্ষীরার বিপক্ষে ওয়াকওভার পেয়েছে ময়মনসিংহ।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অন্য সেমিফাইনালে রংপুর টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়েছে ঠাকুরগাঁওকে। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল ম্যাচ। আগামীকাল ফাইনাল।