স্মৃতি-জাগানিয়া ফুটবল
গোলটা করার পর শেখ মোহাম্মদ আসলাম বললেন, ‘দুই স্টপারকে কাটিয়ে এভাবেই ২০ বছর আগে এখানে শেষবার গোল করেছিলাম। শিরোপা নিষ্পত্তির সেই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারাই আমরা।’ সেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল শুধু আসলামই নন, খেললেন আশরাফউদ্দিন চুন্নু, কায়সার হামিদ, আরিফ খান জয়ের মতো সাবেকেরা।
সোনালী অতীত ক্লাবের হয়ে বাংলাদেশের সাবেক এই ফুটবলাররা প্রীতি ম্যাচ খেললেন কলকাতার ভ্যাটার্নদের সঙ্গে। পশ্চিমবঙ্গের ভ্যাটার্ন স্পোর্টস ক্লাবের হয়ে খেলতে এসেছেন ভারতের জাতীয় দলের সাবেক ফুটবলার মিহির বোস, কানাই সরকার, অমল গাঙ্গুলী, বিশ্বনাথ মণ্ডলরা। প্রায় ৩০ বছর পর মিহিরের দেখা বন্ধু আশরাফউদ্দিন চুন্নুর সঙ্গে। দেখা হতেই পরস্পরকে বুকে জড়িয়ে ধরে তাঁরা যেন ফিরে গেলেন যৌবনে।
আশির দশকে ভারতের জাতীয় দলে খেলেছেন মিহির বোস। খেলেছেন ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানেও। কলকাতা মোহামেডানের হয়ে ঢাকায় খেলে গেছেন প্রেসিডেন্টস কাপে। সেটাও দুই যুগ আগে। আবারও ঢাকায় খেলতে এসে স্মৃতিকাতর হয়ে পড়লেন এই মিডফিল্ডার, ‘বাবুল, চুন্নু এদের সঙ্গে কত খেলেছি। এবার তাই মৈত্রী সফরে আসতে পেরে খুবই ভালো লাগছে।’
মিহির দাসের নাড়ি পোঁতা বাংলাদেশেই। কলকাতার সল্ট লেকের বাসিন্দা মিহিরের বাবা ফণীভূষণ বোসের বাড়ি সাতক্ষীরায়। দেশভাগের অনেক আগেই অবশ্য ভারতে চলে যায় তাঁদের পুরো পরিবার। বাংলাদেশের স্বাধীনতার পর একবার সাতক্ষীরায় খেলে গিয়েছিলেন একটা আমন্ত্রণমূলক টুর্নামেন্ট।
মিহিরকে দেখে উচ্ছ্বসিত চুন্নু, ‘ওকে দেখে খুব ভালো লাগছে।’ ম্যাচের একপর্যায়ে মাঠের পাশে বসে বিশ্রামরত চুন্নু যেন ফিরে গেলেন দূর অতীতে, ‘এখানে এলে কত স্মৃতি মনে পড়ে। মনে হয়, এই মাঠেই আমি খেলতাম, এমন ছোটাছুটি করতাম!’
সময় বয়ে যায় সময়ের পথ বেয়ে। পেছনে পড়ে থাকে নানা রঙের স্মৃতি। ধুলো ঝেড়ে সেই স্মৃতিগুলোকেই কাল জাগিয়ে তুলেছিলেন চুন্নু, আসলাম, মিহিররা।