কে জানত, নিয়তি সবার অলক্ষ্যে এমন চিত্রনাট্য লিখে রেখেছে! যে ক্লাবের হয়ে খেলোয়াড়ি ক্যারিয়ারের প্রায় পুরোটাই কাটিয়েছেন, পরে কোচ হিসেবে জিতেছেন সম্ভাব্য সবকিছুই, তাদেরই বধ করার জন্য এখন ছক কষতে হচ্ছে পেপ গার্দিওলাকে। চ্যাম্পিয়নস লিগের শেষ চার যে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে বার্সেলোনা-বায়ার্ন মিউনিখকে। অন্য সেমিফাইনালে হচ্ছে ২০০৩ সেমিফাইনালের পুনর্মঞ্চায়ন, সেটিতে মুখোমুখি জুভেন্টাস-রিয়াল মাদ্রিদ।
পেশাদার ফুটবলে আবেগের জায়গা কম। তার পরও ৫ মে ন্যু ক্যাম্পে গার্দিওলার মনে নিশ্চিতভাবেই হাজারও স্মৃতির ঝড় উঠবে। কাল ড্রয়ের পর বায়ার্ন মিউনিখ কোচ যেন সেটিই মেনে নিলেন, ‘সেমিফাইনালে বড় কোনো দলের সঙ্গে আপনাকে খেলতেই হবে। এ রকম একটা অভিজ্ঞতা পেয়ে যাওয়ায় আমি খুবই খুশি। অবশ্যই এটা আমার জন্য বিশেষ কিছু, খুবই আবেগের। সেটি একটা ম্যাচ হোক বা দুটি। তার পরও দিন শেষে একটা ফুটবল ম্যাচই।’
শুধু তো নিজভূমে ফেরার জন্য নয়, গার্দিওলাকে যে প্রিয় বন্ধুর হৃদয়ে ছুরি চালানোর মতো কাজও করতে হবে। লুইস এনরিকের সঙ্গে বার্সার মধ্যমাঠে একসময় খেলেছেন, পরে বার্সার মূল দলে এনরিকে তাঁর সহকারীও ছিলেন। এবার ডাগ-আউটে দুজন প্রতিদ্বন্দ্বী। এনরিকে মনে করিয়ে দিলেন, ‘এই প্রথমবার পেপ বার্সার মুখোমুখি হবে। কোচ হিসেবেও প্রথমবার তাকে পাচ্ছি, আমার জন্যও ম্যাচটা বিশেষ কিছু। আমি নিশ্চিত, খেলোয়াড়দের জন্যও তাই।’
মেসি-ইনিয়েস্তারা আরেকটা কারণেও বায়ার্নকে মনে রাখবেন। দুই বছর আগে জার্মান চ্যাম্পিয়নদের কাছে ৭-০ গোলে (দুই লেগ মিলে) বিধ্বস্ত হওয়ার স্মৃতিটা এত সহজে মুছে যাওয়ার নয়। স্মৃতিকাতরতা, প্রতিশোধ সবকিছু মিলে দ্বৈরথটা এখনই অন্য চেহারা পেয়ে যাচ্ছে। বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ম্যাথিয়াস সামার ড্রয়ের পর বললেন, ‘শুধু ফুটবলই পারে এমন গল্প লিখতে।’
গার্দিওলার মতো না হোক, কার্লো আনচেলত্তির জন্যও সেমিফাইনাল হৃদয় খুঁড়ে তুলে আনবে কিছু স্মৃতি। ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদ কোচ ছিলেন জুভেন্টাসের দায়িত্বে, ইতালিয়ান চ্যাম্পিয়নদের হয়েই জিতেছেন কোচিং ক্যারিয়ারের প্রথম শিরোপা (১৯৯৯ সালে উয়েফা ইন্টারটোটো কাপ)। গত মৌসুমেই অবশ্য রিয়াল জুভেন্টাসকে পেয়েছিল প্রতিপক্ষ হিসেবে। আনচেলত্তির স্মৃতিতে সেটিই সজীব, ‘আমরা কিংবদন্তি একটা ক্লাবের সঙ্গে খেলতে পারবে। আমার মনে হয় জুভেন্টাসের এই সুসময় ফুটবল ও চ্যাম্পিয়নস লিগের জন্যও ভালো। আমরা গত বছর ওদের সঙ্গে খেলেছি, তারা খুবই কঠিন এক প্রতিপক্ষ।’ এএফপি।
সেমিফাইনাল লাইনআপ
বার্সেলোনা বায়ার্ন মিউনিখ
প্রথম ও দ্বিতীয় লেগ ৬ ও ১২ মে
জুভেন্টাস রিয়াল মাদ্রিদ
প্রথম ও দ্বিতীয় লেগ ৫ ও ১৩ মে