স্যার অ্যালেক্স ফার্গুসনের পর এবারই প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোড়া গোল করেছেন লিনগার্ড। ছবি: এএফপি
জোড়া গোল করেছেন লিনগার্ড। ছবি: এএফপি
>ইংলিশ প্রিমিয়ার লিগে কার্ডিফ সিটিকে ৫-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানইউর হয়ে জোড়া গোল করেছেন জেসে লিনগার্ড। একটি করে গোল করেন র‍্যাশফোর্ড, আন্দ্রে হেরেরা ও মার্শিয়াল। কার্ডিফের একমাত্র গোলটি করেন ভিক্টর কামারাসা।

এর চেয়ে ভালো শুরু আর কী হতে পারে! পরাজয়ের বৃত্তে আটকে থাকা দল ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়েই দলকে দিলেন উড়ন্ত সূচনা। ৫-১ গোলের বিশাল জয়। তাও আবার প্রতিপক্ষের মাঠে গিয়ে। অন্তর্বর্তীকালীন কোচ ওলে গানার সোলসকায়ের ইপিএলের সফলতম দলটিকে দেখালেন আলোর দিশা।

শেষ কবে ম্যানইউ এমন খেলেছিল? মানে লিগে শেষ কবে প্রতিপক্ষের জালে ৫ গোল দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড? এর উত্তরের জন্য যেতে হবে স্যার ফার্গুসনের যুগে। নির্দিষ্ট করে বললে, ২০১৩ সালের মে মাসে ফার্গুর বিদায়ী ম্যাচে। সেদিন ওয়েস্ট ব্রমউইচের সঙ্গে ৫-৫ গোলে ম্যাচটি ড্র হয়েছিল। লিগে এরপর আর এক ম্যাচে ৫ গোল দিতে পারেনি ম্যানইউ। আজকের ম্যাচে তাই নায়ক সোলসকায়েরই।

ম্যাচের শুরু থেকেই ছন্দে থাকা ম্যানইউ গোল পায় তৃতীয় মিনিটেই। র‍্যাশফোর্ডের অসাধারণ ফ্রি কিকে গোল পায় ম্যানইউ। সপ্তম মিনিটে গোলের ভালো সুযোগ পায় কার্ডিফ। মার্ফির শট গোলবারের ওপর দিয়ে চলে গেলে গোলবঞ্চিত হয় কার্ডিফ। ডি বক্সের ভেতর পগবার বাড়ানো বল থেকে ২৯তম মিনিটে আন্দ্রে হেরেরার গোলে ব্যবধান দ্বিগুণ করে ম্যানইউ।

৩৮তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান ভিক্টর কামারাসা। ডি বক্সের ভেতর র‍্যাশফোর্ডের হাত দিয়ে বল থামালে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ব্যবধান ধরে রাখতে পারেনি কার্ডিফ। মার্শিয়ালের গোলে ফের ব্যবধান বাড়ায় ম্যানইউ। এর আগের মিনিটেই মার্শিয়ার শট আটকে দেন কার্ডিফ গোলরক্ষক। ৫৭তম মিনিটে লিনগার্ডের পেনাল্টি থেকে আবারও গোল পায় ম্যানইউ। শেষ বাঁশি বাজার আগে ৯০তম মিনিটে কার্ডিফের কফিনে শেষ পেরেকটি ঠোকেন ওই জেসে লিনগার্ডই।