স্লোভেনিয়ান কোচকে 'দেখতে' চায় বাফুফে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ কারও সম্পর্কে এখনো খুব বেশি কিছু জানেন না। রোববার পরিচয়পর্ব, গতকাল মিনিট বিশেক আলোচনা। এটুকুতেই আরমিন সিলিয়াককে লম্বা সময়ের জন্য নিয়োগ দেওয়ার পক্ষে নয় বাফুফে। তবে এখনই বাদ না দিয়ে মধ্যবর্তী একটা পথ বেছে নেওয়া হচ্ছে। জানুয়ারিতে বঙ্গবন্ধু কাপ পর্যন্ত স্বল্প মেয়াদে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হতে পারে এই স্লোভেনিয়ান কোচকে।
সেই আভাসই দিলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, ‘এই কোচকে এখনো আমরা ঠিকভাবে জানি না, তাই বঙ্গবন্ধু কাপ পর্যন্ত দায়িত্ব দিয়ে দেখতে পারি তিনি কেমন করেন? পছন্দ হলে আমরা লম্বা সময়ের চুক্তিতে যেতে পারি।’
সিলিয়াক অবশ্য বাংলাদেশে লম্বা সময়ের জন্য কাজ করতে আগ্রহী। সেই লক্ষ্য নিয়েই ঢাকায় এক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগের সূত্রে তাঁর ঢাকা আসা। ওই ব্যবসায়ী বাফুফের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করেছেন, সহায়তা করছে ঢাকাস্থ স্লোভেনিয়ার অনারারি কনসাল অফিস।
বাফুফে ভবনে কাল কাজী সালাউদ্দিনের সঙ্গে আলোচনার পর সিলিয়াক সাংবাদিককে বলেছেন, ‘এখানে কাজ করার আগ্রহ আছে বলেই আমি এসেছি। তবে এখনো চূড়ান্ত কিছু হয়নি।’ বাংলাদেশের সাম্প্রতিক কয়েকটি ম্যাচ দেখে কিছু ধারণা পেয়েছেন বলে জানালেন। তাঁর কাছে মনে হয়েছে, বাংলাদেশের ফুটবলাররা মেধাবী, এর বেশি কিছু বলতে রাজি হলেন না ৪১ বছর বয়সী কোচ।
স্লোভেনিয়ার জাতীয় দলের হয়ে ৪৮ ম্যাচে ১৪ গোল করেছেন। ইউরো ২০০০-এ খেলেছেন। ২০১২ সালে স্লোভেনিয়ার প্রথম সারির দল অলিম্পিয়ার কোচ ছিলেন। তাঁর জীবনবৃত্তান্ত পছন্দ হয়েছে সালাউদ্দিনের। তবে বেতনের ব্যাপারটা নিয়ে নাকি এখনো আলোচনা হয়নি। তার ওপর সিলিয়াক কোচিং স্টাফে বিদেশি চান। বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ফন গালের সঙ্গে একসময় কাজ করেছেন এমন একজনকে ট্রেনার হিসেবে আনতে চান সিলিয়াক।