স্লোভাকিয়ার প্রাণাধিক হামসিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিমিত্রি পায়েত পেরেছেন, গ্যারেথ বেল পেরেছেন কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো পারেননি। যাঁদের দিকে তাকিয়ে থাকে পুরো দল, এমন খেলোয়াড়দের তালিকায় মারেক হামসিকও আছেন। প্রথম ম্যাচে বেলের ছায়ায় ঢাকা পড়লেও কাল আর তাঁকে আড়াল করতে পারেননি কেউ। হামসিকের নৈপুণ্যে রাশিয়াকে ২-১ গোলে হারিয়েছে স্লোভাকিয়া। ইউরোতে তাদের প্রথম জয়!
শুরু থেকেই দারুণ খেলছিলেন হামসিক-দুদারা। তাঁদের আক্রমণের তোড়ে কোণঠাসা হয়ে পড়ে রাশিয়া। ৩২ মিনিটেই প্রথম গোলের দেখা পায় স্লোভাকিয়া। হামসিকের বাড়ানো দুর্দান্ত এক বল চিরে ফেলে রাশিয়ার রক্ষণকে। সেই পাস থেকে কোনাকুনি শটে গোল ভ্লাদিমির ভাইসের। ৪৫ মিনিটে আবারও দেখা দিলেন হামসিক-ভাইস জুটি। এবার ভাইসের পাস থেকে হামসিকের গোল। দুরূহ কোণ থেকে হামসিকের দুর্দান্ত সেই শট ঠেকানোর ক্ষমতা ছিল না ইগর আকিনফিভের।
জোড়া গোল খেয়ে নড়েচড়ে বসে রাশিয়া। দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। ৮০ মিনিটে দারুণ এক হেডে ডেনিস গ্লুশাকফের গোল ইঙ্গিত দিচ্ছিল আরেকটি নাটকীয় ম্যাচের। ইংল্যান্ডের বিপক্ষে যোগ করা সময়ে ভাসিলি বেরেজুৎস্কির গোলটির কথা মনে করিয়েই শেষ দশ মিনিটে রীতিমতো ঝড় তুলেছিল রাশিয়া। কিন্তু কাল আর কেউ ‘বেরেজুৎস্কি’ হতে পারেননি। জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছেন হামসিকরাই। দিনের দ্বিতীয় ম্যাচে ১–১ গোলে ড্র করেছে রোমানিয়া ও সুইজারল্যান্ড। সূত্র: সনি সিক্স।