
হঠাৎ করেই কৌতূহল ছড়িয়ে পড়ল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ইংল্যান্ড দল কি তাহলে আসছে না! ইংল্যান্ডের দৈনিক দ্য টেলিগ্রাফ-এর এক খবরের সূত্র ধরে কাল সকালে টেলিভিশন চ্যানেলে স্ক্রল যেতে লাগল, বাংলাদেশ সফর নিয়ে ইসিবি শঙ্কিত। আর সে শঙ্কার কথা প্রকাশ করেছেন স্বয়ং ইসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা রেগ ডিকাসন। দুই সঙ্গী নিয়ে কদিন আগেই ঢাকা ও চট্টগ্রামের নিরাপত্তাব্যবস্থা দেখে গেছেন তিনি।
মিডিয়া লাউঞ্জের টেলিভিশনে খবরটা দেখে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া, ‘ইসিবি এ রকম কিছু আমাদের বলেনি। কাজেই আমরা এখনো আশাবাদী, ওরা আসবে।’ রাতে মুঠোফোনে আরও একবার শোনালেন আশার কথাই, ‘ওরা মাত্রই এখান থেকে গেল। এসব নিয়ে নিজেরা আলাপ-আলোচনা করবে। আমাদের যেহেতু এখনো কিছু জানায়নি, ওরকম কিছুর সুযোগ নেই বলেই মনে করি। আশা করি, সিরিজটা হবে।’
টেলিগ্রাফতাদের প্রতিবেদনে ডিকাসন বা অন্য কারও সরাসরি উদ্ধৃতি ব্যবহার করেনি। তবে পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছে, তাদের খবরের সূত্র ডিকাসন অথবা বাংলাদেশের নিরাপত্তা নিয়ে ইসিবিকে দেওয়া তাদের রিপোর্ট। প্রতিবেদনের একটি অংশ এ রকম, ‘এটা বোঝাই যাচ্ছে যে, ডিকাসনের মূল দুশ্চিন্তা ঢাকা, চট্টগ্রামে ইংল্যান্ড দলের থাকার হোটেল বা এই দুই শহরের মাঠও নয়। কারণ, এসব জায়গায় তাদের (ইংল্যান্ড দল) পুলিশ বা আর্মি দিয়ে ঘিরে রাখা হতে পারে। একটা ক্রিকেট সফরের সবচেয়ে বিপজ্জনক অংশ হলো বিমানবন্দর থেকে টিম হোটেল এবং টিম হোটেল থেকে মাঠে যাওয়া-আসা, বিশেষ করে এশিয়ার ঘনবসতিপূর্ণ শহরগুলোতে। রাস্তার পাশের সব ভবনকে তো আর নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।’
প্রতিবেদনে ২০১১ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের বাসে ঢিল ছোড়ার ঘটনা টেনে আনা হয়েছে। উল্লেখ করা হয়েছে ওই ঘটনার বর্ণনা দিয়ে ক্রিস গেইলের সেই টুইটের কথাও। বক্তব্যটা যেন পরিষ্কার—এ রকম ঘটনা যে ইংল্যান্ডের সঙ্গে ঘটবে না, তার নিশ্চয়তা কী?
বাংলাদেশের দেওয়া নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী সিরিজ কাভার করতে আসা ইংল্যান্ডের সাংবাদিকদের বাহনও দলের সঙ্গে পুলিশের নিরাপত্তাবলয়ে থাকবে। তারপরও তাদের নিয়ে চিন্তিত টেলিগ্রাফ। চিন্তা ইংল্যান্ড থেকে খেলা দেখতে আসা সমর্থকদের নিয়েও। পত্রিকাটির ধারণা, ‘কম দামি হোটেলে থাকা সমর্থকেরা আরও বেশি অরক্ষিত অবস্থায় থাকবে।’ ব্রিটেনের নাগরিকদের জন্য বাংলাদেশ সফরের ব্যাপারে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তার কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে প্রতিবেদনে।
টেলিগ্রাফ-এর প্রতিবেদন বিসিবির জন্য কিছুটা বিস্ময় হয়েই এসেছে। কারণ, তিন দিনের সফরে রেগ ডিকাসন, ইসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জন কার ও খেলোয়াড়দের সংগঠনের প্রধান নির্বাহী ডেভিড ল্যাথারডেলের মনোভাব তাদের কাছে ইতিবাচক মনে হয়েছিল। বিসিবির কর্মকর্তারা ইসিবির প্রতিনিধিদলকে ভুল বুঝেছিলেন, নাকি প্রতিনিধিদলই ভুল করল বাংলাদেশ পর্যবেক্ষণে—সেটাই এখন প্রশ্ন।