ব্যালন ডি'অরের যোগ্যতা সুদর্শন চেহারা!

সুদর্শন চেহারের জন্য কি কেউ ফিফা ব্যালন ডি’অর পেতে পারেন? রিস্টো স্টইচকভের কথা বিশ্বাস করলে উত্তরটা হবে ‘হ্যাঁ’! যা মনে আসে তা বলে ফেলার জন্য ‘বিখ্যাত’ বুলগেরিয়ার সাবেক এই ফুটবল তারকা বলছেন, এবার যদি ক্রিস্টিয়ানো রোনালদো ব্যালন ডি’অর জেতেন, পারফরম্যান্সের কারণে নয়, জিতবেন সুদর্শন চেহারার জন্য!
সুযোগ পেলেই রোনালদোর সমালোচনা করেন রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সায় খেলা স্টইচকভ। এবারের ইউরোয় রোনালদোর খেলা মুগ্ধ করতে পারেনি তাঁকে। পারফরম্যান্সের দিক থেকে রোনালদোর চেয়ে ফিফা ব্যালন ডি’অরের জন্য স্টইচকভ বরং এগিয়ে রাখছেন চলতি ইউরোয় সবচেয়ে বেশি গোল করা ফ্রান্সের আতোয়ান গ্রিজমানকেই। ‘এটা গ্রিজমানেরই প্রাপ্য। ওয়েলস ইউরো জিতলে বেল। কিন্তু রোনালদো এটা জিততে পারে তার সুন্দর চেহারার কারণেই’—বুলগেরিয়ার এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বললেন স্টইচকভ।
লিওনেল মেসিকে নিয়েও বলেছেন ১৯৯৪ বিশ্বকাপে মাঠ–মাতানো স্টইচকভ। কোপা আমেরিকার ফাইনালে আবারও দলীয় ব্যর্থতার পর আর্জেন্টিনার জার্সিতে আর খেলবেন না বলে জানিয়েছেন মেসি। কিন্তু জাতীয় দল থেকে তাঁর এই অবসর মানতে পারেনি আর্জেন্টিনার সমর্থকেরা। আর্জেন্টিনার সাবেক খেলোয়াড়েরা তো বটেই, বিশ্ব ফুটবলের সাবেক তারকারাও তাঁকে আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। রিস্টো স্টইচকভ বিশ্বাস করেন, ‘মেসি ফিরে আসবেন। খেলবেন জাতীয় দলে।’ সূত্র: মার্কা।