হংকংয়ের কাছে হেরে গেল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকংকে হারিয়ে এশিয়ান গেমস ফুটবলের প্রথমবারের মতো দ্বিতীয় পর্বে পা রাখার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু শেষ অবধি সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল। ইনচনের হোয়াসেনং স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত নিজেদের গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ হংকংয়ের কাছে হেরেছে ২-১ গোলে।
হংকংয়ের সঙ্গে শক্তির তারতাম্য অবশ্যই আছে। কিন্তু আজকের ম্যাচে জয়ের নেশায় বাংলাদেশ লড়েছে সমান তালেই। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৪ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় হংকং। ৭৩ মিনিটে গোলের ব্যবধান দ্বিগুণ করে তারা। তবে ৭৭ মিনিটে বাংলাদেশের পক্ষে ব্যবধান কমিয়ে নিয়ে আসেন বদলি খেলোয়াড় আমিনুর রহমান সজীব।
খেলায় হংকংয়ের প্রাধান্য ছিল, কিন্তু বাংলাদেশও ছেড়ে কথা বলেনি। শেষের দিকে আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে বেশ চাপেও রেখেছিল মামুনুল বাহিনী। সাতটি কর্নার আদায় করেও যোগ্য স্ট্রাইকারের অভাবে খেলায় ফেরা হয়নি বাংলাদেশের।
পুরো খেলায় বল দখলের পরিসংখ্যানেও হংকংয়ের চেয়ে খুব একটা পিছিয়ে নেই বাংলাদেশ। হংকংয়ের পক্ষে এই অনুপাত ৫৫:৪৫। তবে গোলের সুযোগ তৈরির ক্ষেত্রে সেই চিরন্তন দুর্বলতাই মূলত এই ম্যাচে জিততে দেয়নি বাংলাদেশকে। হংকং যেখানে গোলে শট নিয়েছে আটবার, সেখানে বাংলাদেশ মাত্র তিনবার।