হকি লিগে আবাহনীর গোলবৃষ্টি
ম্যাচ শুরুর পরপরই মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ঝুম করে নামল বৃষ্টি। সেই বৃষ্টির সঙ্গে চলল আবাহনীর ‘গোলবৃষ্টি’ও। শেষ পর্যন্ত রেলওয়ে স্পোর্টিং ক্লাবের পোস্টে আবাহনীর গোলসংখ্যা দাঁড়াল ১৪।
গত সোমবার ঊষাকে ৫-১ গোলে উড়িয়ে ক্লাব কাপ চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী। সেই ছন্দটা ধরে রেখেই প্রায় আড়াই বছর পর শুরু হওয়া প্রিমিয়ার হকি লিগে শুরু করল তারা। অবশ্য এটা জানাই ছিল, পাঁচ পাকিস্তানি খেলোয়াড়কে নিয়ে নামা আবাহনীর সামনে দুর্বল রেলওয়ে প্রতিরোধ গড়তে পারবে না। দেখার বিষয় ছিল ব্যবধানটা কী দাঁড়ায়।
মজার ব্যাপার, কাল আকাশি-নীলের এমন শুভ সূচনার ম্যাচে হ্যাটট্রিক নেই একটিও। ১৪-০ স্কোরলাইনে চারটি গোল রাজীব দাসের। তিনটি করেছেন শিটুল। হাবুল ও পাকিস্তানি ফরোয়ার্ড শাফকাত রসুল দুটি করে গোল করেছেন। একটি করে গোল এসেছে শেখ নান্নু, ইরফান ও কাসিফ আলীর স্টিকে।
আজকের খেলা: ঊষা-ওয়ারী, বিকেল ৪টা।