‘সুখের সময়’ কাটিয়ে ঘরোয়া ফুটবল বুঝি আবার ‘দুঃখের সাগরে’ ভাসতে যাচ্ছে। ইঙ্গিত তেমনই। গত দুবারের লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল, মোহামেডান ও শেখ রাসেল ক্লাব সভা করে দলবদল পেছানোর দাবি তুলেছে গত পরশু। এটি শুধুই একটি দাবি নয়, এতে ঘরোয়া ফুটবলের আকাশে কালো মেঘের আনাগোনা দেখছেন অনেকেই। হকির আকাশটা দীর্ঘদিন মেঘে ঢাকা পড়ে ছিল ক্লাব জোটের কঠোর অবস্থানে।
মোহামেডানসহ পাঁচটি ক্লাব হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহর পদত্যাগের দাবিতে অনড় থাকাতেই ছিল ওই অচলাবস্থা। ফেডারেশনের নির্বাচনে অনিয়মের অভিযোগে ছিল তাদের। রহমতউল্লাহ পদত্যাগ করেছেন গত মাসে এবং প্রিমিয়ার হকি মাঠে গড়াচ্ছে। কিন্তু হকির পাতা থেকে খসে গেছে দুটি মূল্যবান বছর।
শঙ্কাটা এখানেই, ক্লাব জোটের দাবির মুখে ফুটবলে না হকির মতো অবস্থা হয়! কাজী সালাউদ্দিনের সময়ে ফুটবলের কতটা উন্নতি হয়েছে তা নিয়ে তর্ক হতে পারে। কিন্তু গত সাত-আট বছর ঘরোয়া ফুটবল নিয়মিতই হয়েছে। ফুটবল মাঠে রাখার জন্য ফুটবলারদের আন্দোলন করতে হয়নি।
সেই ধারাবাহিকতায় বাফুফে ২৬ ডিসেম্বর থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রিমিয়ার লিগের দলবদলের সূচি দিয়েছে। কিন্তু শেখ জামাল-মোহামেডান জোটের দাবি, দলবদল হোক আগস্টে আর লিগ চলুক সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। দাবি যৌক্তিক কি অযৌক্তিক সেটি ভিন্ন। তবে সময়মতো দলবদল না হলে ফুটবলের ধারাবাহিকতা ক্ষুণ্ন হবেই। ক্লাবের বকেয়া পরিশোধ, আলোচনা করে বর্ষপঞ্জি প্রণয়ন এবং আবদুস সালাম মুর্শেদীকে লিগ কমিটির সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি ওই তিন ক্লাবের। পদত্যাগের দাবি প্রসঙ্গে সালাম কথা বলতেই অনাগ্রহী, ‘আমি এ নিয়ে কথা বলব না।’ দলবদলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আজ জরুরি সভা ডেকেছে বাফুফে।
বাফুফে ১০ ক্লাবের সংখ্যাগরিষ্ঠ মত অনুযায়ীই সিদ্ধান্ত নিতে চায়। বেশির ভাগ ক্লাব নাকি এ মাসেই দলবদলের পক্ষে। তিন ক্লাবের ডাকা সভায় ব্রাদার্সের প্রতিনিধি আমের খান থাকলেও ক্লাবটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি কাল বলেছেন, ‘ক্লাব ফোরামে আলোচনা করেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাব।’
তবে শেখ রাসেলের ভাইস চেয়ারম্যান গোলাম রব্বানী হেলাল দলবদল পেছানোর দাবিতে সোচ্চার। তাঁর যুক্তি, ‘আমরা চাই বাফুফে ক্যালেন্ডারটা ঠিকঠাক অনুসরণ করুক। কিন্তু তারা সেটা করছে না। তা ছাড়া আমরা কাদামাঠে খেলা চাই না। ভালো মাঠে খেলা হলে ফুটবলের উন্নতি হবে।’
এত দিন বাফুফের ঘোষিত সূচিই মেনে এসেছে ক্লাবগুলো। এবার হঠাৎ এই আপত্তির পেছনে অনেকে শেখ জামালহীন শেখ কামাল টুর্নামেন্ট আয়োজনের যোগসূত্র মেলান। সেই থেকেই শেখ জামাল সভাপতি মনজুর কাদের বাফুফে ও সালাউদ্দিনের শুভাকাঙ্ক্ষী থেকে কঠোর সমালোচক হয়ে উঠেছেন। জাতীয় দলের ক্যাম্প থেকে খেলোয়াড়দের নিয়ে মধ্যাহ্নভোজ এবং বাফুফের ‘বিরুদ্ধে’ বক্তব্য দেওয়ায় কারণ দর্শাও নোটিশ দেওয়া হয় শেখ জামালকে। তারই ধারাবাহিকতায় দলবদল ও খেলা পেছানোর ওই দাবি। এসব জানতে মনজুর কাদেরকে কাল ফোন করা হলেও তিনি ধরেননি।
ওদিকে ‘বাফুফের বিরুদ্ধে’ বক্তব্য দেওয়ায় মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বাফুফে। বাফুফে ভবন চত্বরে শেখ জামাল ও মোহামেডানের বিরুদ্ধে মিছিলও আগুনে ঘি ঢেলেছে বলে অনুমান। আর তাই হকির মতো ফুটবলের আকাশেও হঠাৎই মেঘের ওড়াউড়ি।