হজসনের পর অ্যালারডাইস
দায়িত্বটা পেতে পারতেন আরও এক দশক আগে। ইংল্যান্ডের কোচের পদ থেকে তখন বিদায় নিয়েছেন সভেন-গোরান এরিকসন। উত্তরসূরি হিসেবে খুব জোরেশোরেই শোনা যাচ্ছিল স্যাম অ্যালারডাইসের নাম। কিন্তু অ্যালারডাইস নন, তখন দায়িত্বটা পান স্টিভ ম্যাকলারেন। অবশেষে ৬১ বছর বয়সী কোচের সেই ‘স্বপ্নপূরণ’ হওয়ার পথে, ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন নতুন কোচ হিসেবে অ্যালারডাইসের নাম ঘোষণা করা এখন সময়ের ব্যাপার।
২০১৬ ইউরোর দ্বিতীয় রাউন্ড থেকে ইংল্যান্ডের বিদায়ের পরেই সরে দাঁড়ান রয় হজসন। তখন থেকেই অ্যালারডাইসের নামটা ভেসে বেড়াচ্ছিল বাতাসে। এফএর চোখ ছিল হাল সিটির কোচ স্টিভ ব্রুস, বোর্নমাউথের তরুণ কোচ এডি হাও ও যুক্তরাষ্ট্রের জার্মান কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানের ওপরও। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যে শিকে ছিঁড়তে যাচ্ছে অ্যালারডাইসের। সান্ডারল্যান্ডকে গত মৌসুমে অবনমন থেকে বাঁচিয়ে দেওয়া কোচের কাঁধেই ইংল্যান্ডকে সামনে এগিয়ে নেওয়ার ভার। এএফপি।