বঙ্গবন্ধু গোল্ড কাপ নিয়ে কাল বাফুফের জরুরি সভার আগে ঠিক হয়েছিল, গতবারের মতো এবারও দল হবে ছয়টি। স্বাগতিক বাংলাদেশ ছাড়া বিদেশি পাঁচটি। কিন্তু এ সভায় হঠাৎ দল হয়ে গেল আটটি। এর চেয়েও চমকপ্রদ খবর, বাংলাদেশের দুটি দল খেলবে। একটি জাতীয় দল, অন্যটি অনূর্ধ্ব-২৩।
ফেব্রুয়ারির এসএ গেমসে জন্য অনূর্ধ্ব-২৩ দলের প্রস্তুতিতে এটা নতুন হাওয়া জোগাবে। সেদিক থেকে বাফুফে বিচক্ষণ সিদ্ধান্তই নিয়েছে। সভা শেষে বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী বললেন, ‘এসএ গেমসের কথা মাথায় রেখেই অনূর্ধ্ব-২৩ দল রাখার প্রস্তাবে দেখলাম সবাই সমর্থন দিল।’ একসময় প্রেসিডেন্ট গোল্ডকাপে বাংলাদেশের দুটি দল খেলত। লাল ও সবুজ। অনেক দিন পর দেশের কোনো টুর্নামেন্টে দুটি দল নামিয়ে পুরোনো দিনের আমেজটাই যেন ফিরিয়ে আনছে বাফুফে।
শুধু অনূর্ধ্ব-২৩ দলকে যোগ করলে বঙ্গবন্ধু কাপে দল হতো মোট সাতটি। কিন্তু সাত দলকে দুই গ্রুপে ভাগ করলে এক গ্রুপে দল কম হয়ে যায়। হিসাব মেলাতেই তাই আট দল। তবে পাঁচটিই সাফ অঞ্চলের হওয়ায় অনেকটা সাফ চ্যাম্পিয়নশিপের মেজাজ পেতে পারে এই টুর্নামেন্ট। বাফুফে এত দিন সিঙ্গাপুর, থাইল্যান্ড, মিয়ানমারকে আনার কথা বললেও এই দলগুলো চূড়ান্ত তালিকায় নেই। আসছে নতুন তিনটি দল কম্বোডিয়া, মালদ্বীপ ও নেপাল। বাকি তিন দল গতবারও ছিল—চ্যাম্পিয়ন মালয়েশিয়া, বাহরাইন ও শ্রীলঙ্কা।
৬-২০ জানুয়ারি টুর্নামেন্ট আয়োজনের প্রাথমিক চিন্তা ছিল। কাল চূড়ান্ত হয়েছে ৮ জানুয়ারি শুরু হয়ে ১৮ জানুয়ারি ফাইনাল। গতবার সিলেটে উদ্বোধন ও একটা গ্রুপের খেলা হওয়ার পর টুর্নামেন্ট এসেছিল ঢাকায়। এবারও ব্যতিক্রম কিছু হবে না। টুর্নামেন্ট শুরুর সময়ে বিশ্ব ইজতেমা থাকায় উদ্বোধনী পর্বটা রাখা হয়েছে সিলেটেই। ওখানে একটা পর্ব শেষে ঢাকার দর্শকেরা টুর্নামেন্টের স্বাদ পাবেন।
বঙ্গবন্ধু কাপের এটি চতুর্থ আসর, বাফুফের বর্তমান কমিটির সময়ে দ্বিতীয়বার। হাতে সময় সপ্তাহ দুয়েক। তবে দেরিতে হলেও অর্থমন্ত্রীকে প্রধান করে গঠিত হয়েছে সাংগঠনিক কমিটি। বাফুফের সবচেয়ে বড় সুবিধা, গতবার চ্যানেল নাইনের সঙ্গে তারা পাঁচ বছরের চুক্তি করেছে। প্রথমবার ছয় কোটি টাকা এবং এরপর থেকে প্রতিবছর টাকার অঙ্ক বাড়ার কথা। আর্থিক দিকটা যখন নিশ্চিত, টুর্নামেন্ট নিয়েও তাই অনেকটা নিশ্চিন্ত বাফুফে।