হঠাৎ বাতিল জরুরি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বেলা তিনটায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা। কিন্তু শেষ পর্যন্ত কালকের এ সভাটি স্থগিত করেছে ফেডারেশন।
বাফুফের কর্মকর্তারা অবশ্য এটিকে ‘অনির্ধারিত’ সভা বলেছেন। কিন্তু এ সভাতেই অংশ নিতে হন্তদন্ত হয়ে ভবনে এলেন বাফুফে সদস্য হারুনুর রশিদ। রিকশা থেকে নেমে বলছিলেন, ‘আমার দুটি ব্যক্তিগত জরুরি মিটিংয়ের সময় বদলে এখানে এলাম। কিন্তু এসে শুনলাম মিটিং নাকি হচ্ছে না!’
‘প্রয়োজনে প্রিমিয়ার লিগ বয়কট’—এমন হুমকি দেওয়া কয়েকটি ক্লাবের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতেই মূলত এ সভা ডেকেছিল বাফুফে। কিন্তু হঠাৎ কেন এটি স্থগিত করা হলো? বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানালেন, ‘এটি আসলে অনির্ধারিত মিটিং। তাই কর্মকর্তারাই পরে মনে করেছেন এর আর কোনো প্রয়োজন নেই। এ জন্যই মিটিং স্থগিত করা হয়েছে।’ তবে জানা গেছে, এ সভাটি আজ বাফুফে ভবনের বাইরে কোথাও হতে পারে।