বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ১৪ নভেম্বর রাতে ঢাকায় আসার কথা অস্ট্রেলিয়া ফুটবল দলের। খেলোয়াড় ও কর্মকর্তাদের লম্বা তালিকাও এরই মধ্যে বাফুফেকে পাঠিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন (এফএফএ)। এ পর্যন্ত সবই চূড়ান্ত বলে ধরে নেওয়া হয়েছিল। তবে তার আগে হঠাৎই আজ রাতে এফএফএর দুই কর্মকর্তা ঢাকায় আসছেন। এখানকার নিরাপত্তাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো তাঁরা সরেজমিন দেখবেন। কথা বলবেন বাফুফে ও সরকারের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে।
ওই দুই কর্মকর্তার নাম গতকাল পর্যন্ত জানতে পারেনি বাফুফে। তবে একজন নিরাপত্তা ও অন্যজন দল-সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করেন। এই দলটি দেশে গিয়ে এফএফএকে প্রতিবেদন দেবে, যার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে টিম কাহিলদের ফেডারেশন। সেই প্রতিবেদন যদি সফর না হওয়ার পক্ষে যায়! এমন শঙ্কা অবশ্য নেই বলছে বাফুফে। দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার বিশ্বাস, নির্ধারিত সূচি অনুযায়ী ১৭ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটা হবে। এর আগে পার্থে প্রথম লেগে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ দল ৫-০ গোলে হেরেছিল।
ফিরতি ম্যাচ খেলতে আসার আগে বাংলাদেশের নিরাপত্তার বিষয়টা নিয়ে যেহেতু ফিফাকে জানিয়েছে এফএফএ, তাই ফিফার একটি নিরাপত্তা দলও ঢাকা আসবে। ১০ নভেম্বর ওই দলের আসার সম্ভাবনা আছে। এগুলো রুটিন সফরই বলছে বাফুফে।