
লা লিগায় প্রথম তিন ম্যাচের দুটিতে হার, ‘সন্ত ইকার’ সমর্থকদের দুয়ো শুনছেন—বার্নাব্যুর আকাশ যেন আসলেই একটু অন্ধকার হয়ে পড়েছিল। কার্লো আনচেলত্তিকেও মনে হচ্ছিল অমানিশায় দিশেহারা সেই জাহাজের চালকের মতো, হন্যে হয়ে যিনি পথ খুঁজে ফিরছেন। আর ঠিক এই সময়েই ম্রিয়মাণ তারাগুলো ফের জ্বলে উঠল। তারার আলোয় আলোকিত হলো সান্তিয়াগো বার্নাব্যু, সে আলোয় ঝলসে গেল বাসেল। সুইস ক্লাবটিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নের মতোই চ্যাম্পিয়নস লিগে যাত্রা শুরু হলো রিয়াল মাদ্রিদের।
জয়ের মাহাত্ম্যটা শুধু গোল ব্যবধানে নয়, জয়ের ধরনেও। খেলা শুরুর মাত্র ৩৬ মিনিটের মধ্যে ৪-০ গোলে এগিয়ে রিয়াল! বাসেল চিড়েচ্যাপ্টা হয়ে গেছে তখনই। সুইস ক্লাবটির আত্মঘাতী প্রথম গোলের পর স্কোর শিটে নাম উঠেছে গ্যারেথ বেল, ক্রিস্টিয়ানো রোনালদো ও হামেস রদ্রিগেজের। বিশ্বের সবচেয়ে দামি আক্রমণভাগে তখনো গোলহীন করিম বেনজেমা। সেটাও হলো ম্যাচের ৭৯ মিনিটে। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে রিয়ালের সহস্রতম গোলটি এল ফরাসি স্ট্রাইকারের পা থেকে। এক ম্যাচেই যেন গত কিছুদিনে সমর্থকদের সব আক্ষেপ ভুলিয়ে দিতে চাইলেন গ্যালাকটিকোরা!
আর হঠাৎ করে জ্বলে ওঠারও কী সেই ধরন! নিজেকে মেলে ধরতে পারছিলেন না বলে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগায় ডার্বি ম্যাচটায় বেলকে তুলেও নিয়েছিলেন আনচেলত্তি। পরশু বার্নাব্যুতে সেই বেলই করলেন অসাধারণ এক গোল। বাসেলের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল তুলে তাঁকে পেরিয়ে ওই বলটিকেই জালে ফেলার অসাধারণ মুহূর্তটি ফুটবলপ্রেমীরাও মনে রাখবেন অনেক দিন। পরের মিনিটে রোনালদোকে দিয়ে আরও একটি গোল করিয়ে বুঝিয়েছেন, কেন তিনি বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়। ওই গোল দিয়েই লিওনেল মেসিকে ছাড়িয়ে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এককভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রোনালদো। বাসেলের বিপক্ষে ইউরোপে নিজের ৬৮তম গোলটি করা পর্তুগিজ উইঙ্গারের সামনে এখন শুধুই রাউল (৭১)।
লা লিগায় তিনটি ম্যাচ খেলেও এখন পর্যন্ত গোলের দেখা পাননি বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী হামেস রদ্রিগেজ। তবে বার্নাব্যুতে রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ অভিষেকেই প্রথম গোলটা পেয়ে গেছেন। অনেক প্রাপ্তির এই ম্যাচের পর তাই স্বস্তি আনচেলত্তির কণ্ঠেও, ‘মৌসুমের শুরুতে যদি আপনি দুটি ম্যাচ হেরে যান, সমর্থকেরা নার্ভাস হয়ে পড়বে এটাই স্বাভাবিক। এটা পরিষ্কার যে এখনো সব সমস্যার সমাধান হয়নি। তবে ছেলেরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটি আমার খুবই পছন্দ হয়েছে।’
লিগে সর্বশেষ ম্যাচে সমর্থকদের দুয়ো শুনেছেন রিয়াল খেলোয়াড়েরা। এমন জয়ের পর সেই সমর্থকদের প্রতিক্রিয়াটা কেমন বুঝছেন? এ প্রশ্নের জবাবেও আনচেলত্তির কণ্ঠে ঝরেছে তৃপ্তির সুর, ‘দল ভালো খেলেছে, অনেকগুলো গোলও করেছে। আমার তো মনে হয় বার্নাব্যু খুশি।’ এএফপি, রয়টার্স।
চ্যাম্পিয়নস লিগে ক্রিস্টিয়ানো রোনালদো
লিসবন
মৌসুম ম্যাচ গোল
২০০২-০৩ ৩ ০
ইউনাইটেডইউনাইটেড
২০০৩-০৪ ৫ ০
২০০৪-০৫ ৮ ০
২০০৫-০৬ ৮ ০
২০০৬-০৭ ১১ ৩
২০০৭-০৮ ১১ ৮
২০০৮-০৯ ১২ ৪
মোট ৫৫ ১৫
রিয়াল মাদ্রিদ
২০০৯-১০ ৬ ৭
২০১০-১১ ১২ ৬
২০১১-১২ ১০ ১০
২০১২-১৩ ১২ ১২
২০১৩-১৪ ১১ ১৭
২০১৪-১৫ ১ ১
মোট ৫২ ৫৩
সর্বমোট ১১০ ৬৮
রিয়ালের কীর্তি
চ্যাম্পিয়নস লিগ যুগে পরশু ২০১তম ম্যাচ খেলল রিয়াল। ম্যানচেস্টার ইউনাইটেডকে (২০০) পেরিয়ে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড।
গ্যারেথ বেলের গোলটি চ্যাম্পিয়নস লিগে নিজের মাঠে রিয়ালের ২৫০তম গোল। প্রথম দল হিসেবে কোনো দলের এই মাইলফলক।
নিজের মাঠে টানা ৯ ম্যাচে জয় পেল রিয়াল। চ্যাম্পিয়নস লিগে নিজের মাঠে টানা জয়ের রেকর্ডটি ম্যানচেস্টার ইউনাইটেডের (১২টি)।
১০০০
বেনজেমার গোলে ইউরোপীয় প্রতিযোগিতায় ১০০০ গোলের মাইলফলক ছুঁয়েছে রিয়াল
চ্যাম্পিয়নস লিগে ২৬টি আলাদা ক্লাবের বিপক্ষে গোল করেছেন রোনালদো। ৩১টি ক্লাবের বিপক্ষে গোল করে এই রেকর্ডের মালিক রাউল।