হঠাৎই শেখ জামালের কোচ মানিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলার জগতে কত চমকই তো দেখা যায়। তবে সন্দেহ নেই, শফিকুল ইসলাম মানিকের হঠাৎ দলবদল একটা বড় চমক। ঘরোয়া ফুটবলে বড় দলের তকমা পেতে যাওয়া চট্টগ্রাম আবাহনী ছেড়ে তিনি লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডির কোচ হচ্ছেন। আজ সকালেই তিনি দুই বছরের চুক্তি করছেন।
এই চুক্তির কথা শুনে চট্টগ্রাম আবাহনীর মহাসচিব সাংসদ শামসুল হক চৌধুরী খানিকটা অবাক, ‘কেন তিনি চলে যাচ্ছেন?’ তারপর নিজেই খোঁজেন উত্তর, ‘আমাদের ম্যানেজারের সঙ্গে হয়তো তাঁর কিছু হয়ে থাকতে পারে।’
মানিকের আঙুলও চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার শাকিল মাহমুদ চৌধুরীর দিকেই, ‘ম্যানেজার বিভিন্ন সময় খারাপ ব্যবহার করেছেন, সবকিছু নাকি তাঁকে জানিয়ে করতে হবে। সর্বশেষ ঘটনা, ফুটবলার ইউসুফ সিফাতকে নিতে চেয়েছিল চট্টগ্রাম আবাহনী। কিন্তু ম্যানেজার তাঁর একক সিদ্ধান্তে ওই খেলোয়াড়কে দলে নেননি, ওকে নিয়ে নিয়েছে মোহামেডান। সব কাজে ম্যানেজারের নাক গলানো ও দুর্ব্যবহার আমার ভালো লাগেনি।’ তাই মাস খানেক ধরেই যোগাযাগ করতে থাকা শেখ জামালের ডাকে সাড়া দিয়েছেন তিন-চার দিন আগে।
শিলংয়ে থাকায় ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে শামসুল হক চৌধুরী বললেন, ‘কোচ গেলে তো বলে যাবেন। আমার সঙ্গে একটু আগে কথা হলেও এ নিয়ে কিছু বলেননি। চুক্তিবদ্ধ একজন কোচ এভাবে যেতে পারেন না।’
মানিক তা জানেন বলেই চট্টগ্রাম আবাহনীর কাছে কাল বিকেলে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। গত মৌসুম কোনো দলের সঙ্গে ছিলেন না, চট্টগ্রাম আবাহনীর ‘সুনামিতে’ সঙ্গী হন আগস্টে। চট্টগ্রাম অবাহনীকে প্রথম শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জিতিয়ে আনেন গত অক্টোবরে। তাও এদিক-সেদিক থেকে খেলোয়াড় এনে। এবার ঘরোয়া মৌসুমের জন্য মামুনুলদের নিয়ে শক্তিশালী দল গড়েছে চট্টগ্রাম আবাহনী, কিন্তু মানিক আর দলটির সঙ্গে নেই।
ব্যক্তিগত সমস্যায় আগের কোচ যোসেফ আপুসি আসতে পারছেন না বলে মানিককে পেয়ে শেখ জামাল কিছুটা চিন্তামুক্ত। তবে চিন্তা এখন চট্টগ্রাম আবাহনীর। দলটির নতুন কোচ হিসেবে শোনা যাচ্ছে ঢাকায় বঙ্গবন্ধু গোল্ড কাপ জেতা নেপাল দলের কোচ বালগেপাল মহারজনের নাম। যদিও চট্টগ্রাম আবাহনীর একাডেমির জন্যই তাঁকে কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানালেন শামসুল হক চৌধুরী।