হতাশ করলেন মামুনুলরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলের পেছনে ছুটছেন ওয়াহেদ। কিন্তু দিনশেষে নেপালের পেছনেই পড়ে রইল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। গ্যালারিভর্তি দর্শকদের একরাশ হতাশাই উপহার দিলেন মামুনুলরা l শামসুল হক
বলের পেছনে ছুটছেন ওয়াহেদ। কিন্তু দিনশেষে নেপালের পেছনেই পড়ে রইল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। গ্যালারিভর্তি দর্শকদের একরাশ হতাশাই উপহার দিলেন মামুনুলরা l শামসুল হক

দর্শক মাঠে আসে না বলে বাংলাদেশের ফুটবলারদের মুখে আসফোস অনেক দিনের। কিন্তু দর্শক এলেও তো বিপদ দেখা যাচ্ছে! কোথায় উজ্জীবিত হয়ে খেলবে তা নয়, উল্টো নিজেদের স্বাভাবিক খেলাও ভুলে গেল বাংলাদেশ!
সিলেট স্টেডিয়ামে কালকের দর্শকজোয়ারে জয়ী দলের নাম নেপাল। প্রথম ম্যাচে ঢাকার আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছিল সফরকারীদের। সেদিন কাদা মাঠে নেপাল ভালো খেলতে পারেনি। কিন্তু কাল সিলেট স্টেডিয়ামে সেই দলটিরই ভিন্ন চেহারা। বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে দুই ম্যাচের এই প্রীতি সিরিজ তারা রাখল ১-১।
নেপাল অনূর্ধ্ব-২৩ দল পাসিং ফুটবল খেলেই বাংলাদেশকে পেছনে ফেলেছে দ্বিতীয় ও শেষ ম্যাচে। দ্রুত গতির সঙ্গে প্রেসিংও করেছে দারুণভাবে। বল দখলের লড়াইয়ে বাংলাদেশের ফুটবলাররা জিততে পারেননি। নেপালিরা একসঙ্গে চার-পাঁচটি পাস অনায়াসে খেললেও স্বাগতিক দলের একসঙ্গে দুটি পাসও ঠিক হয়নি।
জেতার অদম্য ইচ্ছেটা বোঝা গেছে নেপালের খেলায়। বাংলাদেশের ফুটবলাররা দর্শকের চাপেই কিনা লম্বা দু-চারটি বল বাড়ানো ছাড়া খেলাটা তৈরিই করতে পারেননি। উপরন্তু অধিনায়ক মামুনুলকে দেখা গেল মেজাজ হারিয়ে রেফারির দিকে তেড়ে যেতে। একটা হলুদ কার্ডও দেখেছেন। ম্যাচের পর সংবাদ সম্মেলনে মামুনুল অবশ্য আত্মপক্ষ সমর্থন করলেন, ‘রেফারি আমাদের বিরুদ্ধে অনেকবার বাঁশি বাজিয়েছেন। তাই আমরা মেজাজ ধরে রাখতে পারিনি।’ অধিনায়ক যাই বলুন, ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়েরা খেলার দিকে মন না দিয়ে রেফারিকে গালাগাল করায় বেশি সময় ব্যস্ত ছিলেন!
এটা চোখ এড়ায়নি কোচ লোডভিক ডি ক্রুইফেরও। ঘরের মাঠে নিজের দর্শকের সামনে এমন হারে তিনি হতাশ। সংবাদ সম্মেলনে এসে নিজের সব ক্ষোভ উগরে দিলেন খেলোয়াড়দের ওপর, ‘আমার খেলোয়াড়দের মনোযোগ ছিল না ম্যাচে। ওরা আত্মীয়স্বজনের জন্য এই ম্যাচের টিকিট সংগ্রহ করতেই বেশি ব্যস্ত থেকেছে ম্যাচের আগে। ফলে তাদের মনঃসংযোগে বড় রকমের ব্যাঘাত ঘটেছে এবং খুবই বাজে ফুটবল খেলেছে।’ ম্যাচে সোহেল রানার একটা শট বারে লেগেছে, এটাই একমাত্র বলার মতো।
ম্যাচের জয়সূচক গোলটি করেছেন নেপালের বদলি ফরোয়ার্ড সুশীল। বক্সের ভেতের থেকে তাঁর কোনাকুনি মাটি ঘেঁষা শটে লক্ষ্যভেদ। ৮২ মিনিটে করা এই গোল ধরে রেখে মাঠ ছাড়া নেপাল দল খুবই খুশি। কোচ জ্যাক স্টিফানেস্কির মুখে ম্যাচের পর তৃপ্তির হাসি, ‘আমরা জেতার জন্য মরিয়া ছিলাম। ছেলেরা দারুণ খেলেছে।’
আসলেই যোগ্যতর দল হিসেবে জিতেছে নেপাল।