ফলটা হয়তো অনুমিতই ছিল। কিন্তু ৪-০ গোলে হার! ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা কোচ লোডভিক ডি ক্রুইফের চেহারায় ক্ষোভের উদ্গিরণ। মুখে চুইংগাম। চেষ্টা করেছিলেন শান্তভাবে প্রশ্নের উত্তর দিতে। কিন্তু গণমাধ্যমের একের পর এক প্রশ্নবাণে কোচের ফরসা মুখটা হয়ে উঠছিল আরও রক্তিম। বারবার উঁচু স্বরে বিশ্লেষণ করছিলেন একেকটি গোল হজমের কারণ।
যেভাবে বাংলাদেশের জালে বল ঢুকেছে, এর কোনো যৌক্তিক ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলেন না ডাচ কোচ। অনুশীলনে, টিম মিটিংয়ে যেসব ভুলের কথা বারবার মনে করিয়ে দেওয়া হয়, মাঠে গিয়ে সেই ‘হাস্যকর’ ভুলগুলোই করছেন ফুটবলাররা। কোচ বারবার যেটিকে বলছিলেন, ‘সিলি মিসটেক!’
জর্ডানের ফিফা র্যাঙ্কিং ৯১। বাংলাদেশের ১৭৩। তারপরও এই ম্যাচের স্কোরলাইন কেমন আশা করেছিলেন? ক্রুইফ বললেন, ‘ড্র হতে পারত ম্যাচটা। তা না হলে স্কোরলাইন ১-০ বা ২-১ হতে পারত।’
প্রথম দুটি গোল কিছুতেই মেনে নিতে পারছেন না ডি ক্রুইফ। ডি বক্সের ভেতরে মিশুর হাতে বল লাগায় পেনাল্টি পায় জর্ডান। এই পর্যায়ে খেলতে এসে কীভাবে এমন ভুল করতে পারলেন মিশু, তা বিস্ময়ের চেয়েও বেশি কিছু হয়ে এসেছে কোচের কাছে, ‘আমার মনে হয়, আমাদের ফুটবলাররা এই পর্যায়ে খেলার মতো পরিণত নয়। ওরা পেশাদার হতে পারছে না। বক্সের মধ্যে গিয়ে কেউ কেউ হাত দিয়ে খেলার চেষ্টা করেছে!’ কোচের দাবি, দ্বিতীয় গোলটিও জর্ডানকে উপহার দেওয়া হয়েছে, ‘আমাদের দ্বিতীয় গোলটা সান্তা ক্লজের উপহার।’
খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তুললেন কোচ, ‘মুন্না ৯০ মিনিট খেলার মতো ফিট না। মিশু আর ইয়াসিন ক্লান্ত হয়ে পড়েছিল। রাজুরও একই অবস্থা। ওরা সবাই এসে বলে, স্যরি, কোচ। এই পর্যায়ে শারীরিক ও মানসিকভাবে শক্ত থেকে ৯০ মিনিট খেলতে না পারলে হারতেই হবে।’
এমিলি-জুয়েলদের সহজ সুযোগ নষ্ট করাটাও কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি, ‘এ ধরনের ম্যাচে পাঁচ-পাঁচটি সুযোগ অনেক। কিন্তু আমরা একটা সুযোগকেও গোলে পরিণত করতে পারিনি। আমি হতাশ, ক্ষুব্ধ। কিছুতেই মেনে নিতে পারছি না।’ জর্ডানের গোলরক্ষক আমির শাফিকে একা পেয়েও বাইরে বল পাঠালেন জুয়েল রানা। জুয়েলের তৈরি করে দেওয়া আরেকটি সুযোগ নষ্ট করেছেন এমিলি। ঢাকায় খেলা আফ্রিকানদের জাতীয় দলে নেওয়ার উদ্যোগটা এ কারণেই নেওয়া হয়েছিল বলেও মনে করিয়ে দিলেন ক্রুইফ, ‘বক্সে গিয়ে গোল করা একজন ফুটবলারের বড় গুণ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এনামুল, এমিলি, জুয়েলদের মতো ছেলেদের সেটা নেই। যা আছে এই দেশে খেলা কালো ফুটবলারদের। এ জন্যই আমি ওদের দলে নিতে চেয়েছিলাম।’
ক্রুইফ যেখানে বলছেন ম্যাচটা ড্র হতে পারত, জর্ডানের কোচ পল পুট উল্টো দাবি করলেন, ‘জয়টা আমাদের প্রাপ্যই ছিল। তবে ব্যবধানটা আরও বেশি হতে পারত।’