হতাশ সিমিওনের 'নতুন ভাবনা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিয়েগো সিমিওনে
ডিয়েগো সিমিওনে

আরও একটি চ্যাম্পিয়নস লিগ ফাইনাল, আরও একবার জয়ের খুব কাছে গিয়েও হার। তিন বছরের মধ্যে দুবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে শুধু বেদনাই সঙ্গী হলো ডিয়েগো সিমিওনের। ২০১৪ সালে লিসবনে জয় থেকে কয়েক সেকেন্ড দূরে থাকতে ট্রফিটা হাতছাড়া হয় অ্যাটলেটিকো মাদ্রিদের। আর এবার পুড়তে হলো টাইব্রেকার-হতাশায়। কী বলবেন একে? দুর্ভাগ্য, বড় মঞ্চের অভিজ্ঞতার অভাব? সিমিওনে অবশ্য ভাগ্যতত্ত্বে বিশ্বাস করেন না, অ্যাটলেটিকো কোচের কাছে এ যে শুধুই ব্যর্থতা।
মিলানে পরশু রিয়ালের জয়োৎসবের মুহূর্তটিতে হতাশ চোখে একবার আকাশের দিকে তাকিয়েছিলেন সিমিওনে। তবে ম্যাচের পর সংবাদ সম্মেলনে অদৃষ্টবাদী তিনি নন, কণ্ঠে ছিল আত্মসমালোচনার ছাপ, ‘দুটি ফাইনালে উঠে, সবটুকু দিয়ে লড়েও হেরে গেলাম। পরাজিত দলের কথা কেউ মনে রাখে না। দুটি ফাইনাল এভাবে হেরে যাওয়া আসলে ব্যর্থতা। সবচেয়ে বেশি কষ্ট লাগছে যাঁরা আমাদের খেলা দেখার জন্য এত দূর এসেছেন, তাঁদের কষ্ট দেখে।’
এই ব্যর্থতা তাঁকে পোড়াচ্ছেও ভীষণ। এমনই যে, প্রিয় ক্লাবকে বিদায় বলার কথাও ভাবছেন সিমিওনে, ‘অ্যাটলেটিকোতে আমার সময়টা দুর্দান্ত কেটেছে, তিন বছরে দুটি ফাইনাল অসাধারণ অর্জন। কিন্তু যা পেয়েছি তাতে আমি সন্তুষ্ট নই। নতুন করে ভাবার সময় হয়তো চলে এসেছে।’
দায়িত্ব নেওয়ার পর থেকে অ্যাটলেটিকোর মতো ‘গরিব’ দলকে শুধু নিপুণ কৌশল, আর অনেক আবেগে জড়িয়ে সাফল্যও এনে দিয়েছেন। তীব্র আবেগের পর সিমিওনেকে যেন ঘিরে ধরেছে অবসাদ। রয়টার্স।