হতাশা থেকেই সুয়ারেজের সেই কামড়-কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস সুয়ারেজ
লুইস সুয়ারেজ

বিবেকের দংশন বুঝি একেই বলে! নিজের কৃতকর্ম বড্ড পোড়াচ্ছে লুইস সুয়ারেজকে। ক্ষমা চেয়ে মুক্তি পেতে চাইছেন এ যন্ত্রণা থেকে। বললেন, সেদিন হতাশা থেকেই অমন কাণ্ড ঘটিয়েছিলেন।
বিশ্বকাপে ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েলিনিকে কামড়ে দিয়ে সুয়ারেজ নিষিদ্ধ হন চার মাসের জন্য। তবে ফিফার নতুন নির্দেশনায় দলের সঙ্গে অনুশীলন করতে ও প্রীতি ম্যাচ খেলতে বাধা নেই। এ কারণে গত রাতেই মেক্সিকোর ক্লাব লিওনের বিপক্ষে প্রীতি ম্যাচে বার্সেলোনার হয়ে অভিষেক হয়ে গেছে উরুগুয়ে স্ট্রাইকারের। মঙ্গলবার ন্যু ক্যাম্পে সংবাদ সম্মেলন করে সুয়ারেজের আনুষ্ঠানিক ‘পরিচয়-পর্ব’টাও এই ফাঁকে সেরে নিল বার্সেলোনা।
সংবাদ সম্মেলনে সুয়ারেজ কামড়-কাণ্ড প্রসঙ্গে বললেন, ‘পেছনে তাকাতে আগ্রহী নই। যা ঘটেছে (কিয়েলিনিকে কামড়), তেমন কিছুই করতে চাইনি আমি। সেদিন আমি খুব হতাশ ছিলাম।’ এর জন্য পরবর্তী সময়ে উরুগুয়ে ফরোয়ার্ড দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন। সে প্রসঙ্গে বললেন, ‘যা ঘটেছে তার জন্য উরুগুয়েতে ক্ষমা চেয়েছি। এখন সামনে তাকাতে চাই।’ নিষেধাজ্ঞাকেও স্বাভাবিকভাবেই নিয়েছেন সুয়ারেজ। বললেন, ‘আবার খেলতে চাই। সময় খুব দ্রুতই চলে যাবে আশা করি। কয়েক মাস অপেক্ষা খুব কঠিন। তবে এটি স্বাভাবিকভাবেই নিয়েছি। ’ রয়টার্স