হতাশা ভুলে লেভার হাসি
রবার্ট লেভানডফস্কি কি ডায়েরি লেখেন? ব্যক্তিগত অভিজ্ঞতা, অনুভূতি লিখে রাখার অভ্যাস যদি থেকে থাকে বায়ার্ন মিউনিখ স্ট্রাইকারের, তাহলে এই সপ্তাহটিকে এভাবে লিখে রাখতে পারেন—হতাশায় শুরু, হাসিতে শেষ!
কিছুটা অতৃপ্তি নিয়ে সপ্তাহটা শুরু করেছিলেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯০ মিনিট ধরে গোল পাচ্ছিলেন না। লেভানডফস্কির মতো স্ট্রাইকারদের কাছে এই সময়টাই ‘অনন্তকাল’ গোলখরা। এর সঙ্গে আবার যোগ হলো গাড়ি দুর্ঘটনা। জার্মান সংবাদমাধ্যমের খবর, গত রোববার মিউনিখে অন্য একটি গাড়ি মেরে দিয়েছিল লেভার গাড়িকে, ২৭ বছর বয়সী স্ট্রাইকার অবশ্য আঘাত পাননি। কিন্তু লেভার বিলাসবহুল গাড়িটি এমনই ক্ষতিগ্রস্ত হয়েছে যে, ২৫ হাজার ইউরো ক্ষতিপূরণ পেয়েছেন তিনি।
এমন টালমাটাল সপ্তাহটাকে হাসিতে রূপ দিলেন পরশু ঘরের মাঠে শালকের বিপক্ষে ম্যাচে। ম্যাচটা ৩-০ গোলে জিতে প্রথম জার্মান ক্লাব হিসেবে টানা চতুর্থ লিগ শিরোপা জয়ের আরও কাছে চলে গেছে বায়ার্ন। লেভার খুশি আরও বেশি—এই ম্যাচে যে আবার দেখা গেল চেনা ‘লন্ডভন্ডস্কি’কে। ৫৪ ও ৬৫ মিনিটে দুটি গোল করেছেন পোলিশ স্ট্রাইকার। ম্যাচের পর উচ্ছ্বাসটা ফুটেও উঠল তাঁর কণ্ঠে, ‘সপ্তাহটা আমার জন্য ভালো যায়নি, চ্যাম্পিয়নস লিগেও বলতে গেলে খেলিইনি (বেনফিকার বিপক্ষে নেমেছিলেন ৮৪ মিনিটে)। তবে এখন খুবই ভালো লাগছে। মাঝে মাঝে এমন সময় তো আসেই, যখন কিছুই মনমতো হয় না।’
মাঠে সবকিছু লেভার মনমতো হওয়া বায়ার্নের জন্যও বেশ দরকার। ১০ দিন পর চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল, যেটিতে প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে এখনই বায়ার্নের মনোভাবটা জানিয়ে রাখলেন লেভানডফস্কি, ‘ওটা সহজ ম্যাচ হবে না। সেমিফাইনালে আসলে সহজ প্রতিপক্ষ বলে কিছু নেইও। তবে আমরা বায়ার্ন মিউনিখ! মাদ্রিদে আমরা গোল করার চেষ্টা করব, পরে মিউনিখে দেখিয়ে দেব ফাইনালে যেতে আমরা কতটা মরিয়া।’ এএফপি।