হতাশা ভোলাতে মেসির পাশে নেইমার

সমালোচনার তিরে বিদ্ধ। সমালোচনার চাবুকে ক্ষতবিক্ষত। এমন কঠিন সময়ে লিওনেল মেসির পাশে এসে দাঁড়াচ্ছেন নেইমার। বলছেন, কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা জেতা-না জেতায় এই সত্য কখনো মিথ্যে হয়ে যাবে না, মেসিই সেরা, মেসিই এক নম্বর।
নেইমারের নিজেরও কোপা অভিজ্ঞতা ভালো যায়নি। আবারও সেই কলম্বিয়াই টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে তাঁকে। এবার অবশ্য ব্রাজিল অধিনায়কেরও দায় ছিল। গালাগাল করেছেন। নিষিদ্ধ হয়েছেন চার ম্যাচ।
মেসি হয়তো ভাবছেন, নেইমারের মতো কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেই ভালো হতো। ফেসবুক পেজে লিখেছেন, ‘ফাইনাল হারার মতো কষ্ট আর হয় না।’ কোপা শেষ করে দেশে ফিরেছেন। কিন্তু স্বস্তিতে থাকতে পারছেন কই?
এমন সময়ে পাশে এসে দাঁড়ালেন তাঁর দুই কাছের বন্ধু। দুজনই ব্রাজিলের। একজন, যিনি মেসিকে সবচেয়ে ভালো বোঝেন। আরেকজন, যাঁকে এখন মেসি সবচেয়ে ভালো বোঝেন। দানি আলভেস আর নেইমার। নেইমার বলেছেন, ‘ওর সঙ্গে পুরো মৌসুমটা আমরা যারা কাটিয়েছি, তারা তো বটেই, আমাদের সমর্থকেরাও জানে মেসিই সেরা। সে-ই এক নম্বর।’
নেইমারের আশা, কোপার হতাশা তাঁরা দ্রুতই ভুলে যাবেন। আগামী মাস থেকেই আবার শুরু ক্লাব মৌসুম। গত মৌসুমের কীর্তির পুনরাবৃত্তি করতে চান নেইমার। আরও একবার জিততে চান শিরোপাত্রয়ী, ‘শিরোপাত্রয়ী শব্দটা খুব সুন্দর। কিন্তু আমি এখন নতুন আরেকটা শব্দ শিখেছি যেটা আগেরটার চেয়েও ভালো লাগে—শিরোপা-ষষ্ঠক। এটাই হবে আমাদের লক্ষ্য। আমাদের আবারও জয়ের জন্য দ্রুত সম্ভব প্রস্তুত হতে হবে।’
বার্সা অবশ্য আরও একটি শিরোপা ষষ্ঠকের সামনে দাঁড়িয়ে। মৌসুমের শুরুতেই উয়েফা সুপার কাপ আর স্প্যানিশ সুপার কাপ খেলবে তারা। বছরের শেষে খেলবে ক্লাব বিশ্বকাপ। এই তিনটি প্রতিযোগিতায় জিততে পারলে ২০১৫ সালে ছয়টি শিরোপা জেতা হবে তাদের। এক বছরে ছয় শিরোপার সবগুলো জেতার একমাত্র কীর্তিটি বার্সারই। ২০০৯ সালে পেপ গার্দিওলার বার্সা এই অর্জন এনে দিয়েছিল।