নিরাশা যেমন আছে, আশাও কম নেই। দুই মাসের মধ্যে চারটি আন্তর্জাতিক যুব টুর্নামেন্ট খেলে বাংলাদেশ বুঝল নিজেদের অবস্থান। কখনো প্রাপ্তির আনন্দ, কখনো স্বপ্নভঙ্গের বেদনা।
৬ আগস্ট সিলেটে শুরু সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের যুবারা স্বপ্নঘুড়ি উড়িয়েছে আকাশে। পরের মাসেই ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে আরব আমিরাতের কাছে ৬-১ ও সৌদি আরবের কাছে ৫-১ গোলে হার।
অনূর্ধ্ব-১৬ দলের সাফ চ্যাম্পিয়ন হওয়ার অনুপ্রেরণায় অনূর্ধ্ব-১৯ দলের সাফ মিশন শুরু, কাঠমান্ডুতে ওই টুর্নামেন্টের সেমিফাইনালে বিদায়। দেশে ফিরে ভালো প্রস্তুতি নিয়ে সেই দলটি নেমেছিল পরশু শেষ হওয়া এএফসি অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে। কিন্তু ঘরের মাঠে ভুটানকে হারানো গেল না! পিছিয়ে পড়ে কোনোরকমে হতাশার ড্র (১-১)। শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে শুরু করা বাংলাদেশ শেষ ম্যাচে উজকেকিস্তানের কাছে হেরেছে ৪-০ গোলে। সেরা পাঁচ রানার্সআপ দলের একটি হয়ে চূড়ান্ত পর্বে যাওয়ার লক্ষ্যটা শেষ পর্যন্ত অপূর্ণই থেকে গেল। সমাধি হলো আশারও।
ফল যা-ই হোক, যুব ফুটবলে গত দুই মাস একটা আন্তর্জাতিক আবহেই কাটাল বাংলাদেশ। এমন সময় আগে কখনো আসেনি। প্রস্তুতির সময়টা মিলিয়ে ছয় মাস ধরে যুব ফুটবলের একটা কর্মযজ্ঞই চলছে। সামনে অনূর্ধ্ব-১৬ বা অনূর্ধ্ব-১৯ দলের কোনো আন্তর্জাতিক খেলা নেই। তবে বসে না থেকে এরই মধ্যে যুব ফুটবলের জন্য একজন বিদেশি কোচ নিয়েছে বাফুফে। ১৯৭৮ সালে ঢাকায় যুব এশিয়া কাপের পর যা এই প্রথম। বার্সা একাডেমির সাবেক ছাত্র গঞ্জালো মোরেনো ১৫ অক্টোবর থেকে অনূর্ধ্ব-১৯ দল নিয়ে কাজ শুরু করবেন। আগামী আড়াই মাসে যুব দল নিয়ে ৭০টি অনুশীলন সেশন করার পরিকল্পনা তাঁর।
এসব জানান দেয়, যুব ফুটবলটা এখন বাফুফের বেশি মনোযোগের কেন্দ্রে। কিন্তু দুই মাসের ফলাফল কী ইঙ্গিত দিচ্ছে? কোচ, কর্মকর্তা সবারই অভিন্ন কথা—আরও গভীরে যেতে হবে। কাজ করতে হবে অনেক।
বাফুফের ডেভেলপমেন্ট কমিটির প্রধান বাদল রায় বলছেন, ‘অনেক কাজ বাকি। অনূর্ধ্ব-১৯ দলের খেলা দেখে মনে হয়েছে, ওরা খেলতে পারে। কিন্তু সমস্যা হলো, ধারাবাহিকতার খুব অভাব। মাঠের পরিস্থিতির সঙ্গে মানিয়ে উপস্থিত বুদ্ধি কম ওদের। আসলে ওদের আরও মন দিয়ে খেলতে হবে।’
অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ঢাকা মোহামেডানের মিডফিল্ডার মাসুক মিয়া জনি অবশ্য সমস্যার মূলে দেখছেন অন্যদের এগিয়ে যাওয়া। নিজেরা চেষ্টা করছেন, কিন্তু হচ্ছে না। তাঁর কথা, ‘ভুটানের সঙ্গে অনেক মিস করে ফেলেছি, এটা ঠিক হয়নি। তবে উজবেকিস্তান অনেক এগিয়ে, কাজেই ওদের সঙ্গে পারা কঠিন।’ যুব ফুটবলে অনেক সম্ভাবনার কথাও বললেন এই তরুণ। কিন্তু অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ যেমন সম্ভাবনা দেখছেন, পাচ্ছেন বড় সতর্কবার্তাও। ভুটানের সঙ্গে ড্রটা তাঁর চোখে ‘লজ্জার’।
পরশু উজবেকিস্তানের কাছে হারের পর সংবাদ সম্মেলনে এসে আত্মসমর্পণের ভঙ্গিতে বললেন, ‘যুব ফুটবল উন্নয়ন এক দিনে হবে না। আমাদের মূল সমস্যা খেলোয়াড়েরা সাধারণ সব ভুল করে বসে। যেটির মূল্য দিতে হয়।’
খেলোয়াড়দের তাই ১০-১২ বছর বয়স থেকে তৈরি করার ওপর গুরুত্ব দিচ্ছেন ফুটবল বিশেষজ্ঞরা। কিন্তু কিছু নগদ সাফল্যও দরকার, তা ছাড়া জাতীয় দলে দ্রুত কিছু খেলোয়াড় সরবরাহ করতে চায় বাফুফে। তাই একাডেমির পাশাপাশি যুব ফুটবল নিয়ে আলাদা করে ভাবছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। অনূর্ধ্ব-১৯ দলের খেলা দেখে তিনিও ধাক্কা খেয়েছেন। তবে নিরাশ নন, ‘নিরাশ হলে বিদেশি কোচ তো নিতাম না। এই কদিনে বুঝলাম আমাদের ছেলেদের মানসিকতা খুবই দুর্বল, সবকিছু নিয়েই আমাদের আরও গভীরে যেতে হবে।’
যুব ফুটবল উন্নয়ন সেটাই আসলে দাবি করছে বেশি।