
মাত্র এক বছরের ব্যবধান। তাতেই মুদ্রার এপিঠ-ওপিঠ দুটোই দেখা হয়ে গেল কার্লো আনচেলত্তির। আগের মৌসুমে রিয়াল মাদ্রিদকে স্বপ্নের লা ডেসিমা জিতিয়ে প্রশংসার জোয়ারে ভেসেছেন, এ মৌসুমে কোনো ট্রফি জেতাতে না পারায় সেই রিয়ালেই নড়বড়ে হয়ে গেছে তাঁর জায়গাটা। এতটাই যে, শোনা যাচ্ছে বরখাস্তও হতে পারেন এই ইতালিয়ান কোচ। আনচেলত্তি অবশ্য তারপরও সান্তিয়াগো বার্নাব্যুতে থাকার ব্যাপারে আশাবাদী। তবে শেষ পর্যন্ত যদি সেই আশাপূরণ না হয়, তাহলে কোচিং থেকেই বিশ্রাম নিতে চান এক বছরের জন্য!
২০১৩ সালের জুনে তিন বছরের চুক্তিতে পিএসজি ছেড়ে যোগ দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। সেই হিসাবে রিয়ালে তাঁর আরও এক বছর থাকার কথা। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, এ মৌসুমে লস ব্লাঙ্কোরা কোনো ট্রফি জিততে না পারায় চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তাঁকে রাখতে রাজি নয় রিয়াল। যদি তাই হয় তাহলে পরশু সান্তিয়াগো বার্নাব্যুতে গেটাফের বিপক্ষে ৭-৩ গোলে জেতা ম্যাচটাই রিয়ালের কোচ হিসেবে আনচেলত্তির শেষ ম্যাচ। টাচলাইনে নিষেধাজ্ঞার কারণে ম্যাচটা রিয়াল কোচকে দেখতে হয়েছে ভিআইপি বক্সে বসে। তবে সেখান থেকেই শুনেছেন, গ্যালারিতে তাঁর পক্ষে রিয়াল সমর্থকদের কোরাস। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সে কারণেই হয়তো একটু আবেগাপ্লুত রিয়াল কোচ, ‘আমি আগেও অনেকবার বলেছি, আমি থাকতে চাই। কিন্তু যদি ক্লাব বলে আমাকে আর দরকার নেই, তাহলে ব্যাপারটা আলাদা। আমি হয়তো ওই সিদ্ধান্তে খুশি হব না। কিন্তু ফুটবলে এমন হতেই পারে।’ রিয়াল যদি তাঁকে রাখতে না চায় সে ক্ষেত্রে কী করবেন এমন প্রশ্নে আনচেলত্তির স্পষ্ট জবাব, ‘আমার ভবিষ্যৎ পরিকল্পনা খুব পরিষ্কারভাবেই আমার মাথায় আছে। হয় আমি রিয়াল মাদ্রিদে থাকছি, নতুবা এক বছর বিশ্রাম নেব।’
সংবাদ সম্মেলনেই জানিয়েছেন, আগামী সোমবার কিংবা মঙ্গলবারের দিকে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। ক্লাবের সিদ্ধান্তটাও হয়তো তখনই জানা যাবে। তবে দলের খেলোয়াড়দের এরই মধ্যে আনচেলত্তি নিজের পাশে পেয়েছেন বলে খবর। এএফপি, রয়টার্স।