হরলান্ডকে পাওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে না রিয়াল-বার্সার

ডর্টমুন্ডেই থাকবেন হরলান্ড?ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝে কিছুদিন বরুসিয়া ডর্টমুন্ড হাটবাজার খুলে বসেছিল। তরুণ কোনো প্রতিভাকে কিনে এনে পরে বেশি দামে বিকিয়ে দিত পরাশক্তিদের কাছে। এতে ক্লাবের আর্থিক অবস্থা স্থিতিশীল হলেও ক্লাব হিসেবে নিজেদের পরাশক্তি পরিচয়টা হারিয়ে ফেলছিল দলটি। গত কয়েক বছরে ফর্মের চূড়ান্তে থাকা অবস্থায় রবার্ট লেভানডফস্কি, মারিও গোৎসা, মাটস হুমেলসের মতো খেলোয়াড়দের বায়ার্ন মিউনিখের কাছে হারিয়েছিল তারা। পিয়ের-এমেরিক অবামেয়াং, মেখিতেরিয়ান, গুনদোয়ানের মতো খেলোয়াড়দের টেনে নিয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগ।

ডর্টমুন্ড সবচেয়ে বড় দাঁও মেরেছিল উসমান দেম্বেলের ক্ষেত্রে। মাত্র এক মৌসুম আগে দলে আসা এই উইঙ্গারকে ১ কোটি ইউরোর একটু বেশি খরচ করে টেনে এনে পরে বার্সেলোনার কাছে প্রায় ১৪ কোটি ইউরোতে বিক্রি করেছিল তারা। ফলে ইউরোপজুড়ে ডর্টমুন্ডের গায়ে ‘বিক্রেতা ক্লাব’ ট্যাগ সেঁটে গিয়েছিল। যেকোনো খেলোয়াড়কে পছন্দ করে একটু দর-কষাকষিতেই নিয়ে যাওয়া যাবে—এমন ধারণা জন্ম নিয়েছিল। সে ধারণা গত দলবদলের বাজারে একটু বদলেছে।

এ কারণেই আগামী দলবদলের বাজারের আগেই সম্ভাব্য ‘ক্রেতা’দের সাবধান করে দিয়েছে জার্মান ক্লাব। বলে দিয়েছে, জোর করে আর তাদের থেকে খেলোয়াড় কেনা সম্ভব হবে না কারও পক্ষে।

দিন দিন গোলমেশিন হয়ে উঠছেন হরলান্ড।
ছবি: টুইটার

ইউরোপের সেরা সম্ভাবনাময় প্রতিভাদের এক অংশ এখন ডর্টমুন্ডে। ইংলিশ জেডন সাঞ্চো ও জুড বেলিংহাম, নরওয়েজিয়ান আর্লিং হরলান্ড, জার্মান ইউসুফা মুকোকো, যুক্তরাষ্ট্রের জিওভান্নি রেইনা—প্রলুব্ধ করার মতো খেলোয়াড়ের কমতি নেই। এর মাঝেও আলাদা করে হরলান্ড বেশি গুরুত্ব পাচ্ছেন। দেড় বছর আগে ডর্টমুন্ডে যোগ দেওয়ার পর ৫৭ ম্যাচে ৫৫ গোল তাঁর। নিখুঁত স্ট্রাইকারের আকালের দিনে ২০ বছর বয়সী এই দীর্ঘদেহীকে তাই টানাটানি পড়ে গেছে। সামনের জুলাই-আগস্টের পুরো সময়টা তাই হরলান্ডকে নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে সাংবাদিকদের।

এদিকে ডর্টমুন্ড সাফ জানিয়ে দিয়েছে, কোনোভাবেই এ মৌসুমে তারা হরলান্ডকে ছাড়বে না। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মতো দলগুলো সবাই হরলান্ডকে পেতে আগ্রহী। কিন্তু সব সময়ের মতোই মূল আকর্ষণ রিয়াল ও বার্সেলোনাকে ঘিরে। এ ব্যাপারে ডর্টমুন্ডের প্রধান নির্বাহী হান্স ওয়াৎসকের কাছে প্রশ্ন করেছিল জার্মান পত্রিকা বিল্ড। ডর্টমুন্ডের প্রধান নির্বাহী দুই স্প্যানিশ ক্লাবের আশার বেলুন ফুটো করে দিয়েছেন, ‘আগামী বছর আর্লিং হরলান্ড আমাদের হয়ে খেলবে বলেই আশা করি। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা? আমার ধারণা হরলান্ডের চুক্তির কী অবস্থা এবং আমাদের অবস্থান জানা আছে তাদের।’

হরলান্ড ও সাঞ্চো-মৌসুমের শেষ দিকে এ দুজনই দলকে ভালো অবস্থান এনে দিয়েছেন।
ছবি: টুইটার

গত এপ্রিলে হরলান্ডের এজেন্ট মিনো রাইওলা ও তাঁর বাবা বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মুখপাত্রের সঙ্গে দেখা করে এসেছেন। কিন্তু এমন ঘটনার পরও ডর্টমুন্ড হরলান্ডকে ধরে রাখার দৃঢ়প্রতিজ্ঞ। গত দলবদলে জেডন সাঞ্চোকে আটকে রাখতে ঠিক যেমন লড়াই করেছিল তারা, সেভাবেই লড়বে ক্লাবটি। গতবার জেডন সাঞ্চোকে কিনতে চেয়েছিল ইউনাইটেড। খেলোয়াড় নিজেও এ ব্যাপারে ইঙ্গিতে ইচ্ছার কথা জানিয়েছিলেন। ডর্টমুন্ড নির্দিষ্ট একটি মূল্য এবং নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল সে দলবদল করার জন্য। ডর্টমুন্ডের গায়ে ‘বিক্রেতা ক্লাব’ ট্যাগ থাকায় ইউনাইটেড ভেবে নিয়েছিল, একটু সময় নিয়েই দর-কষাকষি করবে তারা। কিন্তু নিজেদের কথাতেই স্থির ছিল ডর্টমুন্ড, কোনোভাবেই সাঞ্চোকে ছাড়েনি একবার চ্যাম্পিয়নস লিগ জেতা ক্লাবটি।

নিজেদের সেই চরিত্রের কথা সবাইকে মনে করিয়ে দিয়েছেন ওয়াৎসকে, ‘আমি পুরোপুরি শান্ত আছি। গত মৌসুমে দলবদলের সময় পার হওয়ার আগপর্যন্ত সাঞ্চোর ব্যাপারে আমাদের কথা কেউ বিশ্বাস করেনি। কিন্তু সে এখনো আমাদের সঙ্গেই আছে। আপনার একটা স্কোয়াড থাকবে, যেখানে হয় আপনি খেলোয়াড় কিনবেন এবং তাকে ছেড়ে দেবেন অথবা দেবেন না। আমরা এটা মেনে নিতে পারি এবং এতে তৃপ্ত। কারণ, বর্তমান চুক্তিতে কী আছে, সেটা জানি এবং এটা আমাদের অনেক সাহায্য করে।’