হরলান্ডের ডর্টমুন্ডকে ৪ গোলের মালা পরাল আয়াক্স
স্কোরলাইন দেখে মনে হতেই পারে, আর্লিং ব্রট হরলান্ড কি খেলেননি এই ম্যাচে?
উত্তর হলো, খেলেছেন। অবশ্যই খেলেছেন। শুধু তা–ই নয়, ম্যাচের পুরো ৯০ মিনিটই খেলেছেন। তাও দলের পতন রুখতে পারেননি। আয়াক্সের কাছে ৪ গোল হজম করেছে বরুসিয়া ডর্টমুন্ড। শুধু হরলান্ডই নন, জুড বেলিংহাম, মার্কো রয়েস, দনিয়েল মালেন, ইউলিয়ান ব্রান্ট, এক্সেল উইটসেল—বেশ শক্তিশালী একাদশ নিয়েই আয়াক্সের মাঠে খেলতে গিয়েছিল ডর্টমুন্ড। কিন্তু খুনে মেজাজে থাকা আয়াক্সের কাছে পাত্তা পেল কোথায়!
এই আয়াক্স মনে করিয়ে দিয়েছে ২০১৮-১৯ মৌসুমের সেই বিধ্বংসী আয়াক্সকে। যেবার ফ্রেঙ্কি ডি ইয়ং, ম্যাটাইস ডি লিখট, দুসান তাদিচ আর ডনি ফন ডে বিকরা মিলে আয়াক্সকে তুলেছিলেন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। ডি ইয়ং পাড়ি জমিয়েছেন বার্সেলোনায়, ডি লিখট জুভেন্টাসে। ডে বিকও গিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। প্রিমিয়ার লিগে ডে বিকের পিছু পিছু চেলসিতে নাম লিখিয়েছেন হাকিম জিয়াশ। ওই দলের ল্যাস শোয়েন, জোয়েল ভেল্টম্যানও পাড়ি জমিয়েছেন অন্য ক্লাবে। এক দুসান তাদিচ আর ডেলেই ব্লিন্ডকে নিয়ে আবারও দল গড়ার কাজে মন দিয়েছেন কোচ এরিক টেন হাগ। সে কাজ যে বেশ ভালোই করছেন, বোঝা গেল গত রাতে।
১১ মিনিটেই এগিয়ে যায় আয়াক্স। দুসান তাদিচের দুর্দান্ত এক গোলমুখো ফ্রি-কিক আটকাতে গিয়ে উল্টো নিজেদের জালে বল জড়ান ডর্টমুন্ডের অধিনায়ক মার্কো রয়েস। ২৫ মিনিটে ফরাসি ফরোয়ার্ড সেবাস্তিয়েন আলেরের সহায়তায় দূরপাল্লার শটে গোল করেন ডেলেই ব্লিন্ড। এক বছর পর আয়াক্সের জার্সি গায়ে গোল পেলেন ব্লিন্ড। গোল করার জন্য এর চেয়ে দুর্দান্ত উপলক্ষ হয়তো পেতেন না এই লেফটব্যাক!
৫৭ মিনিটে আবারও সহায়তাকারীর ভূমিকায় আলের। এবার তাঁর কাছ থেকে বল নিয়ে দুর্দান্তভাবে বাঁ পায়ের বাঁকানো শটে ব্যবধান ৩-০ করে ফেলেন ব্রাজিলিয়ান উইঙ্গার আন্তোনি। ৭২ মিনিটে ব্লিন্ডের সহায়তায় এবার নিজেই গোল পেয়ে যান আলের।
চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে এই নিয়ে ৬ গোল হয়ে গেল আলেরের। জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের হয়ে আলো ছড়িয়ে ওয়েস্ট হামে নাম লিখিয়ে নিজেকে হারিয়ে খুঁজছিলেন এই ফরাসি স্ট্রাইকার। ৫৪ ম্যাচে মাত্র ১৪ গোল করা এই আলেরকেই আয়াক্সের কাছে বিক্রি করে দিয়েছিল লন্ডনের ক্লাবটা। এরিক টেন হাগের ছোঁয়ায় এই আলেরই এখন সবার চেয়ে এগিয়ে।
চ্যাম্পিয়নস লিগে এই মৌসুমে তাঁর চেয়ে বেশি গোল আর কারও নেই। তিন ম্যাচে ৬ গোল করা আলের এই ম্যাচেই ছুঁইয়েছেন হরলান্ডের একটি রেকর্ড।
এর আগে চ্যাম্পিয়নস লিগের নিজের প্রথম তিন ম্যাচে ৬ গোল করার কৃতিত্ব শুধু হরলান্ডেরই ছিল। এবার হরলান্ডই চেয়ে চেয়ে দেখলেন আলেরের কীর্তি!