হলুদ কার্ড দেখেও খুশি সুয়ারেজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস সুয়ারেজ।
লুইস সুয়ারেজ।

দল জিতেছে। বার্সেলোনার সেই জয়ে বড় ভূমিকা লুইস সুয়ারেজেরও। সেভিয়ার জালে দেওয়া বার্সার দুই গোলের একটি এসেছে তাঁর পা থেকে। কী দুর্দান্ত ফিনিশিং ৬১ মিনিটে করা সেই গোলটার! আবার একই ম্যাচের একেবারে শেষের দিকে একটা হলুদ কার্ডও দেখেছেন সুয়ারেজ। তবে ঘটনাবহুল রাতে এই হলুদ কার্ডাটাকেও ইতিবাচক হিসেবে দেখছেন উরুগুইয়ান স্ট্রাইকার। কার্ড দেখে তিনি বেশ খুশিও!
কী কারণে? সেটার একটা ব্যাখ্যা অবশ্যই আছে। লা লিগায় এ মৌসুমে এটা সুয়ারেজের পঞ্চম হলুদ কার্ড। লা লিগার নিয়মানুযায়ী কোনো খেলোয়াড়ের ৫ হলুদ কার্ড হয়ে গেলে তাঁকে পরের একটা ম্যাচ নিষিদ্ধ থাকতে হবে। সেই হিসেবে সুয়ারেজও খেলতে পারবেন না ১৯ নভেম্বর লিগে মালাগার বিপক্ষে ম্যাচে। ভাবছেন এতে খুশির কী আছে?
মালাগার পরে লিগে বার্সেলোনা খেলবে রিয়াল সোসিয়েদাদ ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে। চারটা হলুদ কার্ড যেহেতু আগেই দেখা হয়ে গিয়েছিল, পঞ্চমটি যেকোনো ম্যাচেই হতে পারত। সেভিয়ার বিপক্ষে না হয়ে সেটি পরে হলেই বরং সমস্যায় পড়তেন সুয়ারেজ। যেমন মালাগার বিপক্ষে হলুদ কার্ড দেখলে তাঁকে সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে বসে থাকতে হতো। আর সোসিয়েদাদের বিপক্ষে হলুদ কার্ড দেখলে তো খেলতে পারতেন না এল ক্লাসিকোতেই। তার চেয়ে আগেই ঝামেলা শেষ হয়ে যাওয়ায় ভালো হলো না?
হলুদ কার্ড দেখেও ম্যাচ শেষে সে কারণেই তাঁকে বেশ খুশি মনে হলো, ‘আসলে এটা আমার জন্য ভালোই হলো। সোসিয়েদাদ ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে পরের দুটি ম্যাচ আমি নতুন করে শুরু করতে পারব।’ গোল ডটকম।