‘হলুদ সাবমেরিনে’র আঘাতে ডুবল জুভেন্টাস
এমন সব চমকের জন্যই তো চ্যাম্পিয়নস লিগ নিয়ে সবার এত আগ্রহ।
শক্তি ও ঐতিহ্যে জুভেন্টাসের ধারেকাছেও নেই ভিয়ারিয়াল। ইতালিয়ান লিগে জুভেন্টাস সবচেয়ে সফল দল, ইউরোপের কুলীন টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগেও শিরোপা জিতেছে দুবার।
ভিয়ারিয়াল সেখানে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ একবারই সেমিফাইনাল খেলেছে, সেটাও এক যুগেরও (১৬ বছর) বেশি সময় আগে। অথচ 'হলুদ সাবমেরিন'খ্যাত এই দলটাই কি না 'তুরিনের বুড়ি'দের ঘরে ঢুকে তাঁদের অহমে ঘা মারল!
স্প্যানিশ ক্লাবটির মাঠে শেষ ষোলো প্রথম লেগ ১-১ গোলে ড্র করে জুভেন্টাস। ফিরতি লেগে আজ নির্ধারিত সময় শেষ হওয়ার ১৫ মিনিট আগ পর্যন্তও গোলশুন্য ছিল দুই দল। ৭৮ থেকে ৯২, এই ১৪ মিনিটের ঝড়ে তিন গোল হজম করে শেষ ষোলো থেকে ছিটকে পড়ে জুভেন্টাস।
সিরি আ-তে রেকর্ড ৩৬বারের চ্যাম্পিয়নরা কখনো লা লিগা জিততে না পারা ভিয়ারিয়ালের কাছে দুই লেগ মিলিয়ে হারল ৪-১ ব্যবধানে। আবারও বোঝা গেল, চ্যাম্পিয়নস লিগের নকআউট মঞ্চ কতটা অনিশ্চয়তার, কত রোমাঞ্চ ছড়ায়!
চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে টানা তিন মৌসুম শেষ ষোলো থেকে বাদ পড়ল জুভেন্টাস। ২০১৯-২০ মৌসুমে লিঁও, ২০২০-২১ মৌসুমে পোর্তো এবং এবার ভিয়ারিয়ালের মতো পুঁচকে ক্লাবের কাছে পা হড়কাল ইতালির কুলীন ক্লাবটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাই রসিকতা চলছে, ইউরোপিয়ান সুপার লিগের স্বপ্নে তা দিয়ে ইউরোপের ছোট ছোট ক্লাবগুলোকে 'অভিজাত' তালিকার বাইরে রাখায় ইন্ধন দিয়েছে জুভেন্টাস। অথচ সেই ছোট দলগুলোর কাছেই কি না হেরে টানা তিন মৌসুম নাক কাটা পড়ল!
প্রথমার্ধে জুভেন্টাসই দাপট ছড়ায়। সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোলিচের শট ক্রসবার কাঁপিয়ে লক্ষ্যভ্রষ্ঠ হয়। ভিয়ারিয়াল গোলকিপার জেরোনিমো রুলিকেও বেশ কয়েকবার পরীক্ষা দিতে হয়।
দারুণ কিপিং করে আলভারো মোরাতা ও ভ্লাহোলিচকে হতাশ করেন রুলি। কিন্তু বিরতির পর খেলায় ঢিল দেয় জুভেন্টাস। কুয়াদ্রাদো-আর্থুরদের মাঝ মাঠের দখল নেয় ভিয়ারিয়াল।
খেলা অতিরিক্ত সময়ে গড়ানোর প্রস্তুতি যখন নেওয়া হচ্ছিল, ঠিক তখনই প্রথম গোলটা পেয়ে যায় ভিয়ারিয়াল। জুভেন্টাস ডিফেন্ডার দানিয়েল রুগানি বক্সের সধ্যে ভিয়ারিয়াল মিডফিল্ডার ফ্রান্সিস কোকুলিনকে ফাউল করেন।
ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তি (ভিএআর) পেনাল্টির সিদ্ধান্ত দিলে স্পটকিক থেকে গোল করেন চার মিনিট আগে বদলি হয়ে নামা স্ট্রাইকার জেরার্দ মোরেনো।
গোল পেতে মরিয়া জুভেন্টাস ৭৯ মিনিটে পাওলো দিবালাকে নামিয়েও রক্ষা পায়নি। নির্ধারিত সময় শেষ হওয়ার পাঁচ মিনিট আগে জুভেন্টাস রক্ষণের ভুলে সের্হে অরিয়েরের পাস থেকে গোল করেন ভিয়ারিয়াল ডিফেন্ডার পাউ তোরেস। নীরবতা নেমে আসে অ্যালিয়াঞ্জের গ্যালারিতে।
যোগ করা সময়ের দুই মিনিটে তা শোকে পরিণত হয়। প্রতি আক্রমণ ঠেকাতে বক্সে 'হ্যান্ডবল' করে বসেন জুভেন্টাস মিডফিল্ডার ম্যাথিয়াস ডি লিট। পেনাল্টি!
স্পটকিক থেকে আরনাউত জুমার গোলে ভিয়ারিয়াল শুধু জুভেন্টাসকে বিদায়-ই করেনি, ২০০৯ সালের পর চ্যাম্পিয়নস লিগে প্রথম কোয়ার্টার ফাইনালের দেখাও পেল।
হারের পর জুভেন্টাস কোচ আলেগ্রি বলেছেন, '৭৫ মিনিট পর্যন্ত দল ভালোই খেলেছে। বিরতির পর ভিয়ারিয়াল রক্ষণ সামলালেও একটা সুযোগ পেয়েই কাজে লাগিয়েছে। আমরা প্রথমার্ধে ভালো সুযোগ পেয়েছি। কিন্তু ভিয়ারিয়াল ১১জন নিয়ে রক্ষণ সামলে ম্যাচটা অতিরিক্ত সময়ে টানার চেষ্টা করেছে। প্রথম গোলটার পরই সব পাল্টে যায়।'