
জাবি আলোনসোর কর্নার থেকে অরক্ষিত মেদহি বেনাতিয়ার দুর্দান্ত হেড যখন জালে জড়িয়ে গেল, ম্যাচের মাত্রই সাত মিনিট। রক্তিম আলিয়াঞ্জ অ্যারেনা গ্যালারি অসম্ভবের আশায় বুঁদ। ঘুম ঘুম চোখে টিভি পর্দার দর্শকেরাও একটু নড়েচড়ে বসেছেন। ‘ইস্তাম্বুল-মহাকাব্যের’ মতো অবিশ্বাস্য কিছু কি হয়েই যাবে? সেই আশার টুঁটি চেপে ধরতে বার্সেলোনা সময় নিল আট মিনিট। মেসির থ্রু থেকে সুয়ারেজের পাসের পর নেইমারের গোল—ম্যাচের সব রোমাঞ্চ তখনই একরকম শেষ!
আগের লেগে ৩-০ গোলে হেরে আসার পর বায়ার্নকে অলৌকিক কিছুই করতে হতো। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেই তিন গোলের ব্যবধান ঘোচানোর রেকর্ড নেই। শুরুতে এক গোল দিয়ে বায়ার্ন একটু আশাও জাগিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ৩-২ গোলের জয়টা জার্মান চ্যাম্পিয়নদের সান্ত্বনা ছাড়া আর কিছু দিতে পারছে না। অধিনায়ক ফিলিপ লামই যেন দলের হয়ে সবার কথাটা বলে দিলেন, ‘আমরা অলৌকিকে বিশ্বাস করেছিলাম, কিন্তু সেটা করতে পারিনি। বার্সেলোনাকে পুরো ৯০ মিনিটের জন্য থামানো অসম্ভব। আমরা আসলে প্রথম লেগেই ম্যাচটা হেরে গেছি।’
লামকে খানিকটা অদৃষ্টবাদী মনে হতে পারে, তবে বায়ার্ন কিন্তু সুযোগ কম পায়নি। প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে টমাস মুলার ও রবার্ট লেভানডফস্কির গোলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু দুই অর্ধ মিলিয়ে সুযোগ পেয়েছিল আরও বেশ কিছু। সেগুলো কাজে লাগাতে না পারা যতটা না নিজেদের ব্যর্থতায়, তার চেয়ে বেশি বার্সা গোলরক্ষক আন্দ্রে টের স্টেগেনের কৃতিত্বে। পুরো ম্যাচে অন্তত গোটা চারেক দুর্দান্ত সেভ করেছেন, একবার তো গোললাইন থেকে ফিরিয়েছেন বল। চার বছর পর বার্সেলোনার ফাইনালে খেলার কৃতিত্ব শুধু এমএসএনের একারই নয়!
এমএসএন, এমএসএন, এমএসএন! বার্সেলোনা ত্রয়ী প্রতিদিনই যেন নিজেদের ছাড়িয়ে যাচ্ছেন। পরশুর দুই গোল তো চলচ্চিত্রের চিত্রনাট্যই। মেসি-সুয়ারেজ-নেইমার—প্রথম গোলের পর ক্রমটা মঞ্চায়িত হলো ২৯ মিনিটের দ্বিতীয় গোলেও। পার্থক্য শুধু একটাই, প্রথমটিতে মেসি ছিলেন মূল কারিগর, দ্বিতীয়টিতে সুয়ারেজ। আর কফিনে পেরেক ঠোকার কাজটা সহাস্যে করেছেন নেইমার। বার্সার ব্রাজিলিয়ান স্ট্রাইকারের চ্যাম্পিয়নস লিগে গোল এখন নয়টি, মৌসুম সর্বোচ্চ সতীর্থ মেসির চেয়ে এক গোল পিছিয়ে।
লুইস এনরিকেও ‘এলাম, দেখলাম, জয় করলাম’ বলে ফেলার খুব কাছেই চলে এসেছেন। প্রথম মৌসুমেই লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, কোপা ডেল রে শিরোপাত্রয়ীর স্বপ্ন এখন একদমই রঙিন। বার্সা কোচ সেটিই আঁকছেন চোখে, ‘আমি খেলোয়াড়দের পারফরম্যান্সে খুবই খুশি। অভিনন্দন তাদের প্রাপ্য। আমরা এখন তিনটি শিরোপা জয় থেকে মাত্র এক ম্যাচ করে দূরে আছি। ওটাই আমাদের লক্ষ্য।’
এনরিকে অবশ্য বলতে পারেন, পথটা তো গার্দিওলারই দেখিয়ে দেওয়া। বার্সেলোনায় প্রথম মৌসুমেই এসে তিন শিরোপা জয়ের কীর্তিটা করে দেখিয়েছেন পূর্বসূরি। অথচ বায়ার্নের হয়ে টানা দুবার সেই গার্দিওলাকেই থেমে যেতে হলো শেষ চারে। বায়ার্ন কোচ নিজেদের হারের চেয়ে পুরোনো ক্লাবের জয়কেই দেখছেন বড় করে, ‘আমি এই খেলোয়াড়দের দায়িত্বে থাকতে পেরে খুবই খুশি। প্রথম লেগে আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি, আজ পেরেছি। দিন শেষে সেটা অবশ্য যথেষ্ট হয়নি, কিন্তু ও কথা থাক। এখন আমার আশা, বার্সেলোনা বার্লিনে পঞ্চম চ্যাম্পিয়নস লিগ জিতবে।’
৬ জুনের ফাইনালে গার্দিওলা হয়তো দর্শক হিসেবেই বার্সেলোনার জয় দেখবেন! এএফপি।