হলো না শুধু গোলটাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম আবাহনীর রুবেল মিয়াকে আটকানোর চেষ্টা শেখ জামাল ফরোয়ার্ড এনামুলের। ছবি: শামসুল হক
চট্টগ্রাম আবাহনীর রুবেল মিয়াকে আটকানোর চেষ্টা শেখ জামাল ফরোয়ার্ড এনামুলের। ছবি: শামসুল হক

গ্যালারিতে তিল ধারণের জায়গা নেই। হাজার হাজার দর্শকের কোলাহলে ময়মনসিংহ রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম হয়ে উঠেছিল উৎসবমুখর। ঢাকার বাইরে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগটা ছড়িয়ে দেওয়ার মূল লক্ষ্যই হলো মাঠে দর্শক টেনে আনা। চট্টগ্রাম পর্বে সেভাবে গ্যালারি ভরেনি, তবে ময়মনসিংহে আজ প্রথম দিনেই দেখা গেছে ভিন্ন ছবি। যদিও দর্শকেরা প্রিমিয়ার ফুটবল লিগের খেলায় যা দেখতে উন্মুখ ছিলেন, সেই গোলটা কিন্তু দেখতে পেলেন না। গত দুবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডির সঙ্গে হালের বড় দল চট্টগ্রাম আবাহনীর ম্যাচটা থাকল গোলশূন্য।
যদিও দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলে গোলের রাস্তা প্রায় খুলে ফেলেছিল বেশ কয়েকবার। কিন্তু শেষ কাজটা করতে পারেনি কেউই। ফলে গোল না দেখার অতৃপ্তি নিয়েই বাড়ি ফিরতে হয়েছে দর্শকদের। অবশ্য গোল ছাড়া আর সবই ছিল মাঠে। আক্রমণ আর পাল্টা আক্রমণে ম্যাচটা ছিল উপভোগ্য।
দুই জয় আর দুই ড্র থেকে চার ম্যাচে চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট হলো আট। এই মুহূর্তে তারাই লিগের পয়েন্ট তালিকার সবার ওপরে। শেখ জামাল এক জয় আর তিন ড্রয়ে পেয়েছে ৬ পয়েন্ট।