হলো না রূপকথার বিদায়!

‘লেডিস অ্যান্ড জেন্টলমেন, ওয়ান অ্যান্ড অনলি স্টিভেন জেরার্ড’—ঘোষকের কথার সঙ্গে পুরো স্টেডিয়ামে করতালির গগনবিদারী আওয়াজ। ধীর পায়ে তিন মেয়েকে নিয়ে মাঠে ঢুকলেন মহানায়ক। দুই দিকে সার বেঁধে দাঁড়িয়ে আছে দুই দলের খেলোয়াড়, একে একে হাত মেলালেন তাঁদের সঙ্গে। অ্যানফিল্ড সশব্দে গাইছে, ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’। জেরার্ডের চোখে জল নেই, তবে পাণ্ডুর মুখ বলে দিচ্ছিল বুকের গভীরে রক্ত ঝরছে। এই ঘাসে আর পা রাখা হবে না, এই দর্শকদের সামনে কখনো এভাবে অভিবাদন পাওয়া হবে না। একটা যুগের, একটা ইতিহাসের শেষ দেখে ফেলল অ্যানফিল্ড।

লিভারপুলের হয়ে অ্যানফিল্ডে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন পরশু। স্বীকার করেছেন, এই অমোঘ মুহূর্তের অপেক্ষাটা তাঁকে তাড়িয়ে বেড়িয়েছে সারা জীবন, ‘খুবই অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। এ মুহূর্তটাকেই সারা জীবন ভয় পেয়ে এসেছি। আমার খুব করে মনে পড়বে সবকিছু। প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি, আমি খুবই বিপর্যস্ত যে, এই দর্শকদের সামনে আমি আর খেলতে পারব না। চোখে জল আসার আগে একটা কথা বলে রাখছি, আমি বিশ্বের অনেক জায়গায় অনেক দর্শকের সামনে খেলেছি। কিন্তু আমাকে বলতেই হচ্ছে, আপনারাই সেরা।’
বিদায়বেলায় যেটা হয়, রীতি মেনে ধন্যবাদ জানিয়েছেন সবাইকে, ‘১৭ বছর ধরে আমার পাশে থাকা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। নাম বললে অনেকেরই বলতে হয়। আমি আমার এখনকার ও আগের সব সতীর্থকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের জন্যই আজকের এই আমি। সবশেষে আমি ধন্যবাদটা জমিয়ে রাখতে চাই ক্লাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের জন্য। সমর্থকেরাই সবকিছুর ওপরে।’
জিতলে রূপকথার বিদায়ই হতে পারত। কিন্তু ক্রিস্টাল প্যালেসের কাছে লিভারপুল ৩-১ গোলে হেরে যাওয়ায় সেটা হলো না। এই মৌসুম শেষেই পাড়ি জমাচ্ছেন মেজর সকার লিগের ক্লাব এলএ গ্যালাক্সিতে। কিন্তু খেলোয়াড় হিসেবে আর কখনোই কি অ্যানফিল্ডে ফিরবেন না? জেরার্ডের কথায় লিভারপুল সমর্থকেরা উদ্বেলিত হতে পারেন, ‘শুধু অতিজরুরি কিছু হলেই আমি ফিরতে পারি। আশা করব, সে রকম কিছু যাতে না হয়।’
লিভারপুল ঘরের ছেলেকে স্বাগত জানানোর জন্য সব সময়ই তৈরি থাকবে! ইএসপিএন।