হাটে হাঁড়ি ভাঙতে চান না আফুসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ জামাল কর্তাদের অভিযোগ খণ্ডন করেছেন জোসেফ আফুসি
শেখ জামাল কর্তাদের অভিযোগ খণ্ডন করেছেন জোসেফ আফুসি

একসময় ধানমন্ডি ক্লাব হিসেবে ঢাকার ফুটবলে পরিচিতি ছিল তাদের। ২০১০ সালের দিকে সেই ধানমন্ডি ক্লাবই পরিণত হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে শেখ জামাল মাঝারি মানের ফুটবল-শক্তি থেকে নিজেদের বড় দলে উত্তরণ ঘটায়। দেশের ঘরোয়া ফুটবলে একের পর এক সাফল্য ছাড়াও ভারতের আইএফ শিল্ড, ভুটানের কিংস কাপ ও এএফসি কাপে সফল হয়ে দেশের ফুটবলের মরা গাঙে জোয়ার এনে দেয় তারা। কিন্তু মাঠের সাফল্য বাদ দিলে বিতর্ক যেন নিত্যসঙ্গী তাদের।

দলবদলকে কেন্দ্র করে জাতীয় দলে খেলা নিজেদের কিছু খেলোয়াড়কে আদালতে ঘুরিয়ে আনাসহ দলটির নামের সঙ্গে বিতর্ক নেহাতই কম নয়। কোচবদল তো তাদের কাছে নিত্যদিনের খেলা। নতুন বিতর্ক তৈরি হয়েছে নাইজেরীয় কোচ জোসেফ আফুসিকে নিয়ে। শেখ জামালের দাবি, আফুসি নাকি টাকা আত্মসাৎ করে কাউকে কিছু না বলে পালিয়েছেন। কিন্তু আফুসি টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে কর্মকর্তাদের বিরুদ্ধে উল্টো মিথ্যাচারের অভিযোগ এনেছেন। বলেছেন, পদত্যাগের অধিকার সবারই আছে। তিনিও পদত্যাগের ব্যাপারে বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গেই নাকি আলোচনা করেছিলেন।

আফুসি নিজের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ কিছুতেই মানতে পারছেন না। প্রথম আলোকে তিনি বলেছেন, ‘মাসিক ৭ হাজার ডলার করে বছরে ৮৪ হাজার ডলারে আমার সঙ্গে চুক্তি হয়েছিল শেখ জামালের। চুক্তিটা তিন বছরের। ২০১৭ সালের জন্য অগ্রিম ৪০ হাজার ডলার বা ৪২ হাজার ডলার (যদিও মার্চ মাসের বিনিময় হার অনুযায়ী এটা ৪৮ থেকে ৫০ হাজার ডলার হওয়ার কথা) আমি আগেই নিই। বাকি থাকে আরও ৪২ হাজার ডলার। গত মার্চে দায়িত্ব নিয়ে নয় মাসের মাথায় আমি চাকরি ছেড়েছি। এই সময় আমি প্রতি মাসে পেয়েছি ৩ হাজার ৫০০ ডলার করে। বাকি টাকা অগ্রিম বাবদ কেটে রাখা হতো। গত নয় মাসে ৩ হাজার ৫০০ ডলার করে হিসাব করলে আমি পেয়েছি ৩১ হাজার ৫০০ ডলার। সে হিসাবে আমি কীভাবে টাকা আত্মসাৎ করলাম?’

আফুসির ভাষ্যমতেও তিনি শেখ জামাল থেকে ৭৩ হাজার ৫০০ ডলার পেয়েছেন। যদিও নয় মাসে তাঁর প্রাপ্য ছিল ৬৩ হাজার ডলার। অর্থাৎ ক্লাব থেকে প্রাপ্যের চেয়ে ১০ হাজার ডলারের বেশি অর্থ বেশি নিয়েছেন। এ বিষয়টি অবশ্য খোলাসা করেননি আফুসি।   

শেখ জামাল ক্লাব কর্তাদের দাবি অনুযায়ী, প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচের দিনই কাউকে কিছু না বলে গোপনে ঢাকা ছেড়েছেন আফুসি। কিন্তু আফুসির ভাষ্য মতে, ‘আমার পদত্যাগ করার অধিকার আছে। সে অনুযায়ী পদত্যাগ করার বিষয়ে কয়েক দফা আলোচনাও করেছি ক্লাব অফিশিয়ালদের সঙ্গে।’

চুক্তিপত্রের এখানে আফুসির বেতন সম্বন্ধে পরিষ্কার বিবরণ দেওয়া আছে।
চুক্তিপত্রের এখানে আফুসির বেতন সম্বন্ধে পরিষ্কার বিবরণ দেওয়া আছে।

মাসিক সাত হাজার ডলার—বেশ মোটা অঙ্কের বেতন। ভালোই তো চলছিল। তাহলে শেখ জামাল কেন ছাড়লেন? আফুসি বলেন, ‘ক্লাবের কিছু কর্মকর্তার হস্তক্ষেপের মাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছে গিয়েছিল। খেলোয়াড় নির্বাচনেও আমার কোনো স্বাধীনতা ছিল না। যেখানে কোচের পর্যাপ্ত স্বাধীনতা নেই, সেখানে কোচ হিসেবে কাজ করার তো কোনো মানে হয় না।’

শেখ জামালের চাকরি ছেড়ে একটি প্রতিষ্ঠানের নির্বাহী হয়েছেন আফুসি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘মেকন ফুটবল প্রতিষ্ঠানটি আমিই তৈরি করেছি ২০১০ সালে। এখানে ১০ ও ১৩ বছর বয়সী ছেলেমেয়েদের অনুশীলন করানো হয়। আমিই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা। এখানে তো আর আমার চাকরি নেওয়ার কিছু নেই।’

শেখ জামাল ক্লাবের অভিযোগগুলো নিয়ে খুব বেশি ব্যতিব্যস্ত হতে চান না আফুসি, ‘আমার সব নিয়ম জানা আছে। আমি শেখ জামালকে ভালোবাসি বলে সবকিছু সামনে আনতে চাইছে না। তবে অভিযোগ উঠলে কিন্তু শেখ জামালের কর্মকর্তাদের খবরই আছে। আমি হাটে হাঁড়ি ভাঙতে বাধ্য হব।’