প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছুই জিতেছেন। কাল বাসেলের সঙ্গে পোস্টের নিচে দাঁড়িয়ে থাকলে আরও একটা কীর্তি হয়ে গেছে ইকার ক্যাসিয়াসের। সেটি চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে বর্তমান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি (১৪১) ম্যাচ খেলার রেকর্ড। তবে এমনও হতে পারে, সেটি শুধু এক দিনের জন্যই। আজ মাঠে নামলে জাভি যে আবার রেকর্ডটা নিজের করে নেবেন। এবারের প্রতিযোগিতায় অংশ নেওয়া ফুটবলারদের মধ্যে যাঁরা কাছাকাছি আছেন, তাঁরা এ দুজনের চেয়ে অনেক পিছিয়ে। অ্যাশলি কোল ম্যাচ খেলেছেন ১০৫টি। পিওতর চেক, ইব্রাহিমোভিচ, ক্রিস্টিয়ানো রোনালদো ১০৩টি করে। জাভি ও ক্যাসিয়াসের অবশ্য চ্যাম্পিয়নস লিগের সর্বকালের রেকর্ডটাই ভেঙে দেওয়ার সুযোগ আছে। এখন যে রেকর্ডটি রায়ান গিগসের। ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে গিগস খেলেছেন ১৪৫টি ম্যাচ। এরপরই আছেন রাউল, রিয়াল ও শালকের হয়ে যিনি ম্যাচ খেলেছেন ১৪২টি।