হাতে কিন্তু জাদু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন কোচ, নতুন আশা! এক বছরের চুক্তিতে অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ওর্ডের হাতে কাল আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব। বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে নতুন কোচের হাতে জাতীয় দলের জার্সি তুলে দিলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন l শামসুল হক
নতুন কোচ, নতুন আশা! এক বছরের চুক্তিতে অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ওর্ডের হাতে কাল আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব। বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে নতুন কোচের হাতে জাতীয় দলের জার্সি তুলে দিলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন l শামসুল হক

জাতীয় দল ঘন ঘনই বিদেশি কোচ পায়। বাফুফেতে কাজী সালাউদ্দিন যুগে নয় বছরে নয়জন বিদেশি পাওয়া গেছে। মাঠের বাইরে এই কোচদের শুরুটা থাকে দুর্দান্ত। কোচের প্রশংসায় পঞ্চমুখ থাকেন কর্তারা। কিন্তু কদিন পরই বাস্তবতা এসে দুয়ারে দাঁড়ায়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আসে। লোডভিক ডি ক্রুইফ যেমন বেশি সময় দেশে গিয়ে বসে থাকতেন। অনেকে মজা করে বলেন, হল্যান্ডে বসে ইমেইল–ফেসবুকে কোচিং করাতেন ক্রুইফ! তা ছাড়া জাতীয় দল সাফল্য না পাওয়ায় এখন আর বিদেশি কোচে আন্দোলিত হয় না ফুটবল অঙ্গন।

নতুন কোচ অ্যান্ড্রু ওর্ডকে নিয়েও উচ্ছ্বাস নেই। তাঁকে এক বছরের জন্য নিয়োগ দিয়ে কাল সংবাদমাধ্যমের সামনে এনেছে বাফুফে। ৩৭ বছর বয়সী ওর্ডের কথার মূল সুর, ‘অবশ্যই বর্তমান ১৯৩ র‌্যাঙ্কিং থেকে উন্নতি সম্ভব।’ কথা শুনে মনে হলো বাংলাদেশের ফুটবল নিয়ে ভালোই গবেষণা করেছেন এই অস্ট্রেলিয়ান। তাই সবকিছু জেনে আগাম প্রতিশ্রুতি দেওয়ার পথে হাঁটেননি। কথাবার্তায় কৌশলী। ঘুরিয়ে-পেঁচিয়ে উত্তর দেন। বাফুফে ভবনে আয়োজিত পরিচিতি অনুষ্ঠানে আশার কথাও অবশ্য বলেন, ‘আমার ২৩টা ভালো খেলোয়াড় দরকার। সেই খেলোয়াড় নিশ্চয়ই আমি পাব।’

অবশ্যই পাওয়া উচিত। কিন্তু মানসম্মত খেলোয়াড় পেতে আট-দশ বছর বয়স থেকেই পরিচর্যা করতে হয়। বাংলাদেশে তা হয় না। মানসম্মত ফুটবলারের অভাবে ফুটবলে সাফল্য আসছে না। খেলোয়াড় তৈরির কার্যকর উদ্যোগ নেই ক্লাবের। এমন ভঙ্গুর অবস্থার মধ্যেই কোচ এনে প্রত্যাশা চাপিয়ে দেওয়া হয় ‘তুমি সাফ জয় করো বা ফাইনালে ওঠো’, ‘বঙ্গবন্ধু কাপের ফাইনালে খেলো’... ইত্যাদি। ওর্ডের কাছেও এমন প্রত্যাশা কর্মকর্তাদের। যদিও ওর্ডের প্রথম টুর্নামেন্ট জুলাইয়ে ফিলিস্তিনে এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট নিয়ে বড় চাওয়া নেই বাফুফের।

আগামী এপ্রিল-মে মাসে সাফ। এ বছরের শেষে বঙ্গবন্ধু কাপ। কিন্তু মানসম্মত ফুটবলার বেরিয়ে না আসায় কোচের ওপর প্রত্যাশার চাপিয়ে দেওয়া কি ঠিক? বাফুফে জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ বলছেন, ‘আমাদের খেলোয়াড়-সংকট আছে সত্য। তবু নতুন কোচ এনে নতুন উদ্যোমে আমাদের তো আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। এবং আমরা চেষ্টা করেই যাব, যাতে একটা পর্যায়ে আসতে পারি।’ এ ক্ষেত্রে কঠোর অনুশীলন এবং মাঠে নিজেদের উজাড় করার কোনো বিকল্প নেই সেটা খেলোয়াড়দের মনে করিয়ে দিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। কিন্তু দেশের বর্তমান রুগ্‌ণ ফুটবল-কাঠমোয় ফল পাওয়া কতটা সম্ভব? ওর্ড মনে করিয়ে দেন, ‘আমার হাতে কিন্তু জাদু নেই।’ তাহলে? ‘অনুশীলন মাঠে কঠোর পরিশ্রমই লক্ষ্যে পৌঁছানোর একমাত্র পথ’—বলেছেন টম সেন্টফিটের জুতায় পা গলানো ওর্ড।

তাঁর মাসিক বেতন ১২ হাজার ডলার। থাকা-খাওয়া নিজের। শুধু প্রথম মাসে হোটেল খরচ দেবে ফেডারেশন। তবে ক্রুইফ বা অন্যরা হরদম দেশে গেলেও এই কোচ সেটা পারবেন না। তাঁর ছুটি বছরে ৩০ দিন। ছয় মাসের আগে চাকরি ছাড়া বা বরখাস্ত নয়। কোনো টুর্নামেন্টের এক মাস আগে চাকরি ছাড়তে পারবেন না।

কোচ তো হলো। ওর্ডকে নিয়ে পাঁচজন বিদেশি! অন্যদের নানা কারণে ঠিকঠাক কাজে লাগানো যাচ্ছে না। নতুন কোচকে কি শতভাগ কাজে লাগাতে পারবে বাফুফে? দেখাই যাক।