
কনফেডারেশনস কাপের প্রথম ম্যাচে তাঁর দল জিতেছে। দ্বিতীয় ম্যাচে ড্র। জোয়াকিম লো তবু দ্বিতীয় ম্যাচটি নিয়েই বেশি খুশি!
অবশ্য জার্মানি কোচের উচ্ছ্বাসকে বাড়াবাড়িও মনে হবে না যখন জানবেন, প্রথম ম্যাচের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া, দ্বিতীয় ম্যাচে চিলি। তার ওপর সানচেজ-ভিদালদের বিপক্ষে পিছিয়ে পড়েও পরশু নিজেদের দ্বিতীয় ম্যাচটা জার্মানি ড্র করেছে ১-১ গোলে। এমনকি শেষ দিকে চিলির চেয়ে জার্মানিরই দাপট ছিল বেশি। লো তাই খুশিমনে বলে গেলেন, ‘সোচিতে আগের ম্যাচে আমরা জিতেছি। তবে সেদিন ম্যাচে নিয়ন্ত্রণ পেতে অনেক কষ্ট হয়েছে। আজ (পরশু) আমরা অনেক ভালো খেলেছি।’
ম্যাচের শুরুতে অবশ্য জার্মানির স্নায়ুচাপটা ছিল স্পষ্ট। ডিফেন্ডার শকোদ্রান মুস্তাফি সম্ভবত ভুলেই গিয়েছিলেন, আর্সেনাল নয়, ম্যাচটা তিনি খেলছেন জার্মানির জার্সি গায়ে। ম্যাচের ষষ্ঠ মিনিটে পাস দিয়ে বসেন বক্সের একটু সামনে দাঁড়ানো আর্সেনালেরই চিলিয়ান সতীর্থ অ্যালেক্সিস সানচেজের কাছে। আর কী লাগে! ভিদালের সঙ্গে দেওয়া-নেওয়া করে বক্সে ঢুকে জার্মানির জালে বল জড়িয়ে দিলেন সানচেজ। এই গোলে একটা মাইলফলকও ছুঁলেন চিলির ফরোয়ার্ড, মার্সেলো সালাসকে সরিয়ে হলেন চিলির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ১১৩ ম্যাচে এটি তাঁর ৩৮তম গোল।
ওই গোলের কিছুক্ষণ পর এদুয়ার্দো ভারগাসের শটটা বার কাঁপিয়ে ফিরে না এলে মাইলফলকের রাতটা হয়তো জয়েই উদ্যাপন করতেন সানচেজ। তেমন হলে চিলিরও সেমিফাইনালে ওঠা হতো নিশ্চিত। কিন্তু ম্যাচটা ড্র হওয়ায় চিলি ও জার্মানি দুই দলেরই সেমিফাইনালে ওঠার দৌড়টা চলছে সমান্তরালে। দুই ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট ৪, গোল ব্যবধানে গ্রুপের শীর্ষে চিলি। পরশু গ্রুপে ক্যামেরুন-অস্ট্রেলিয়ার অন্য ম্যাচটিও হয়েছে ১-১ গোলে ড্র (এই দুই দলেরই পয়েন্ট ১)। গ্রুপের শেষ ম্যাচে এখন ক্যামেরুনের বিপক্ষে জার্মানি ও অস্ট্রেলিয়ার বিপক্ষে চিলি একটি করে পয়েন্ট পেলেই চলে যাবে শেষ চারে।
টুর্নামেন্টের তরুণতম দল নিয়েও সেমিতে যাওয়া নিশ্চিতই তৃপ্তি দেবে জার্মানি কোচ লোকে। তৃপ্ত তিনি সম্ভবত চিলি ম্যাচে ওভাবে ফিরে আসা নিয়েও। গোল খেয়েই যেন জেগে ওঠে জার্মানি। ৪১ মিনিটে সমতাসূচক গোলটা ছিল দুর্দান্ত। মাঝমাঠ থেকে বল ধরে দুর্দান্ত দৌড়ে চিলি বক্সের সামনে চলে যান এমরে চ্যান, তাঁর থ্রু ধরে বক্সে ক্রস করেন লেফটব্যাক জোনাস হেক্টর, যেটি জালে জড়িয়ে দেন স্ট্রাইকার লারস স্টিন্ডল।
চিলি ম্যাচটিকে দলের বড় পরীক্ষা হিসেবেই দেখেছিলেন লো। পরীক্ষা নিজেও নিয়েছেন ছাত্রদের, ম্যাচে খেলোয়াড় বদলাননি জার্মানি কোচ! তবু শেষ দিকে দাপট বেশি ছিল জার্মানিরই। লোর খুশি এটা নিয়েও, ‘অনেক পরিশ্রম করেছে খেলোয়াড়েরা, হার না-মানা এমন পারফরম্যান্সই আশা করেছিলাম ওদের কাছ থেকে।’
ম্যাচ ড্র হওয়ায় খুশি চিলির কোচ হুয়ান আন্তোনিও পিজ্জিও, ‘যে তীব্রতা নিয়ে খেলেছি, তাতে আমি খুশি।’ তবে চিলি সমর্থকদের কানে মধুর মতো শোনাবে ম্যাচের নায়ক সানচেজের কথাগুলোই, ‘চিলির সর্বোচ্চ গোলদাতা হতে পেরে খুশি। আমাদের স্বপ্ন টুর্নামেন্টটা জেতা, আর মনে হচ্ছে আমাদের সে সম্ভাবনাও আছে।’ এএফপি, রয়টার্স।
