হাদারির 'বুড়ো' হাতের ভেলকি
আলোচনায় এসেছিলেন গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই। মালির বিপক্ষে সেদিন গ্লাভস হাতে নেমে রেকর্ড গড়েছিলেন ৪৪ বছর বয়সী এসাম এল হাদারি, সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে আফ্রিকান নেশনস কাপে (আফকন) মাঠে নামার রেকর্ড। মিসরের গোলরক্ষক আবার আলোচনায় এলেন টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচের আগে। তাঁর বীরত্বেই বুরকিনা ফাসোকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন মিসর।
সাত সংখ্যাটা অন্যভাবেও পোড়াচ্ছিল মিসরকে। ২০১০ সালে সর্বশেষ আফকন জেতার পর আর টুর্নামেন্টে খেলার যোগ্যতাই হয়নি। সাত বছর পর এসেই ফাইনালে। সেটিও অভিজ্ঞতম সেনানীর হাতের জাদুতে।
নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচ ১-১ ড্র। মিসরের হয়ে গোল করেন রোমা উইঙ্গার আহমেদ সালাহ, বুরকিনা ফাসোর গোলটি ‘ফুটবলের ফেরিওয়ালা’ অ্যারিস্টাইড বান্সের। টুর্নামেন্টে পঞ্চম ম্যাচে এসে এই প্রথম গোল খেলেন হাদারি। টাইব্রেকারেও মিসরের প্রথম শটই মিস। কিন্তু হাদারি তো ছিলেন, বুড়ো হাতজোড়ার নির্ভরতা নিয়ে। বুরকিনা গোলকিপার হার্ভে কফির শট ঠেকিয়ে সমতায় ফেরান, আর বার্ট্রান্ড ট্রাওরের নেওয়া শেষ শট ঠেকিয়ে ফাইনালে তুলে নেন মিসরকে। এএফপি।