ম্যাচের আগে দুই দিন ধরেই মার্শেইয়ের রাস্তায় দুই দলের সমর্থকদের মধ্যে হলো রক্তারক্তি কাণ্ড। কখনো পুলিশের সঙ্গে, কখনো নিজেদের মধ্যে। রেশটা ইংল্যান্ড ও রাশিয়ার সমর্থকেরা টেনে নিয়ে গেলেন ম্যাচ শেষেও। শেষ বাঁশির খানিক পরই স্তাদ ভেলোদ্রমে দুই পক্ষের মধ্যে আবার শুরু হলো ধস্তাধস্তি, এদিক-সেদিক ছোটাছুটি। আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী এই হানাহানিতে সব মিলিয়ে আহত হয়েছে ৩১ জন। এক ইংলিশ সমর্থক আছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
মার্শেইয়ের রাস্তা থেকে স্টেডিয়াম—ম্যাচের আগে-পরে সমর্থকদের এমন হানাহানির মাঝে ৯০ মিনিটের জন্য শান্তির সাদা পতাকা উড়িয়েছিল ফুটবল। সেখানে শেষ মুহূর্তের গোলে মন ভেঙেছে ইংল্যান্ডের। এগিয়ে গিয়েও ২০১৬ ইউরোতে নিজেদের প্রথম ম্যাচে রাশিয়ার সঙ্গে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রুনি-হার্টদের।
৭৩ মিনিটে মিডফিল্ডার এরিক ডায়ারের দুর্দান্ত ফ্রি-কিক এগিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে। অনেক সুযোগ হাতছাড়া করার দিনে এই গোলটিকেই যখন ‘মহার্ঘ্য’ মেনে জয়োৎসবের প্রস্তুতি নিচ্ছিল ইংলিশরা, তখনই রাশিয়ার আঘাত! যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বক্সে ভেসে আসা বল হেড করে জালে জড়িয়ে দিলেন রুশ অধিনায়ক ভাসিলি বেরেজুৎস্কি। এগিয়ে গিয়ে, জয়ের খুব কাছে গিয়েও আবারও ইউরোর প্রথম ম্যাচের ‘ভূত’টা মাথা থেকে নামাতে পারল না ইংল্যান্ড।
এ নিয়ে টানা পাঁচটি ইউরোতে প্রথমে এগিয়ে গিয়েও প্রথম ম্যাচে জিততে পারেনি ইংল্যান্ড (ড্র ৩, হার ২)। নয়টি ইউরোতে অংশ নিয়ে প্রতিটিরই প্রথম ম্যাচে ইংলিশরা জয়হীন। এবারের হতাশাটা কেমন, সেটি জানতে পারেন ইংলিশ কোচ রয় হজসনের মুখেই, ‘আমরা খুব বেশি হতাশ বললেও আসলে কম বলা হবে। প্রত্যাশিত জয়টির এত কাছে চলে গিয়েছিলাম। কিন্তু যোগ করা সময়ের এক মিনিট বাকি থাকতে সেটি হাত ফসকে গেল। এটা হজম করা কঠিন।’
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ছিল হজসনের দলেরই। কিন্তু লালানা-কেনদের গোল করার ব্যর্থতা আর রাশিয়ার গোলপোস্টে ইগর আকিনফিভের ‘চীনের প্রাচীর’ হয়ে দাঁড়ানোয় জেতা হলো না। এই ড্র-ই এখন পরাজয়ের বিস্বাদ দিচ্ছে ইংলিশ ফরোয়ার্ড ওয়েইন রুনিকে, ‘এটা হতাশাজনক। এই মুহূর্তে মনে হচ্ছে যেন আমরা হেরে গেছি। তবে এটা মেনে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে।’
তবে রুনিদের হতাশার দিনেও ঘুরেফিরে আলোচনার বিষয় ম্যাচের আগে-পরে দর্শকদের অবিবেচনাপ্রসূত ওই কাণ্ড। ফুটবলই যে কলঙ্কিত হলো মার্শেইতে। কাল পর্যন্ত শুধু রাশিয়ার বিরুদ্ধে শৃঙ্খলাগত ব্যবস্থা নিতে যাচ্ছে উয়েফা। শাস্তি কী হবে, সেটি জানা যাবে মঙ্গলবার।
জরিমানা হয়তো হবে, কিন্তু হানাহানির আশঙ্কা কি তাতেও দূর হবে? আগামী পরশু রাশিয়ার ম্যাচ লিলে, ইংল্যান্ড থেকে আসা টিকিটবিহীন দর্শকদের আগে থেকে এখানেই জড়ো হওয়ার পরামর্শ দিয়েছিল যুক্তরাজ্যের পুলিশ। তথ্যসূত্র: এএফপি, টেলিগ্রাফ।