হামেলসের গন্তব্য কোথায়?

ম্যাট হামেলসকে নিয়ে এই মুহূর্তে জোর লড়াই দুই ইংলিশ জায়ান্টের মধ্যে। বিশ্বকাপজয়ী এই জার্মান সেন্টার হাফের নতুন ঠিকানা ইংল্যান্ডের কোথায় হতে যাচ্ছে, তা নিয়ে মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। হামেলস ম্যানচেস্টার ইউনাইটেডে যাচ্ছেন—এমন খবর চাউর হলেও ‘রেড ডেভিলস’রা নাকি এখনো তাঁর বর্তমান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ট্রান্সফার ফি নিয়ে ঐকমত্যে পৌঁছতে পারেনি। এর ফাঁকে আর্সেনাল হামেলসকে বড়শিতে গাঁথতে তৈরি। শোনা যাচ্ছে টমাস ভারমায়েলেনকে বার্সেলোনার কাছে বেচার টাকা দিয়েই নাকি হামেলসকে দলভুক্ত করতে যাচ্ছে গানার্সরা।
এদিকে, ট্রান্সফার ফি নিয়ে বরুসিয়ার সঙ্গে দর-কষাকষি অব্যাহত রেখেই ম্যানচেস্টার ইউনাইটেড হামেলসের বিকল্পও ভেবে রেখেছে।
ব্রিটিশ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী কোচ লুই ফন গালের পরামর্শেই নাকি ম্যানচেস্টার কথা বলেছেন ডাচ ডিফেন্ডার ডেলি ব্লাইন্ডের সঙ্গে। জানা গেছে, ব্লাইন্ডকে ১৭ মিলিয়ন পাউন্ডে নাকি ইউনাইটেডের কাছে বেচতে রাজি ডাচ জায়ান্ট আয়াক্স। তবে হামেলসের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড ২৫ মিলিয়ন পাউন্ড খরচ করতে রাজি থাকলেও বরুসিয়ার চাহিদা আরও বেশি। এ ক্ষেত্রে ম্যানচেস্টার যদি বরুসিয়ার সঙ্গে সমঝোতায় না আসতে পারে, তাহলে হামেলসের আর্সেন ওয়েঙ্গারের শিষ্য হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে।
এদিকে, কলম্বিয়ান ফরোয়ার্ড হুয়ান কুয়াদ্রাদোকে ২৫ মিলিয়ন পাউন্ডে দলভুক্ত করার সব প্রস্তুতিই সম্পন্ন করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজমেন্ট। এএফপি, মেইল অনলাইন।