হামেস-জ্বরে কাঁপছে রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মাঝে বছর খানেক তো রিয়াল মাদ্রিদে ১০ নম্বর জার্সির কেউ ছিলেনই না! মেসুত ওজিলের বিদায়ের পর সান্তিয়াগো বার্নাব্যুর লকার রুমে সেই জার্সির জন্য রাখা জায়গাটাও ফাঁকা পড়েছিল। হামেস রদ্রিগেজ এসে সেটাকে আবার আলো মুখ দেখালেন।

না, এখনো রিয়ালের ১০ নম্বর জার্সিতে মাঠে নামা হয়নি তাঁর। কিন্তু রদ্রিগেজ ওই জার্সি নম্বর পাচ্ছেন, এটা নিশ্চিত হওয়ার পরপরই সেই জার্সির রেপ্লিকা নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে রিয়াল সমর্থকদের মধ্যে। পেছনে হামেস লেখা রিয়ালের ১০ নম্বর জার্সি বাজারে আসার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে বিক্রি হয়েছে ৩ লাখ ৪৫ হাজার। হিসাব করে দেখা গেছে, আনুমানিক ৬৩ মিলিয়ন পাউন্ডে রিয়ালে যোগ দেওয়া কলম্বিয়ান প্লে-মেকার দুই দিনের মধ্যেই রিয়ালকে ফেরত দিয়েছেন ২০ দশমিক ৭ মিলিয়ন পাউন্ড! মাঠে নামার আগেই যেন বাজিমাত করে দিয়েছেন কলম্বিয়ান ফুটবলের এই নতুন সুপারস্টার।

মাত্র ৪৮ ঘণ্টায় আর কোনো ফুটবলারের জার্সি অতীতে এতটা বিক্রি হয়েছে কি না, সেটা নিয়েও এখন শুরু হয়ে গেছে বিস্তর গবেষণা। বোঝাই যাচ্ছে, ট্রান্সফার ফির পুরোটা তুলে আনতে রিয়ালের খুব বেশি দিন লাগবে না। ‘হামেস ১০’ জার্সির যে জয়জয়কার চলছে এখন!