হামেস বাঁচালেন কলম্বিয়াকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিলি-কলম্বিয়া ম্যাচের একটি মুহূর্তে হামেস রদ্রিগেজ। গোল করে সান্তিয়াগোর দর্শকদের হতাশই করেছেন তিনি। ছবি: এএফপি।
চিলি-কলম্বিয়া ম্যাচের একটি মুহূর্তে হামেস রদ্রিগেজ। গোল করে সান্তিয়াগোর দর্শকদের হতাশই করেছেন তিনি। ছবি: এএফপি।

চোটের কারণে বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার প্রথম দুটো ম্যাচে খেলতে পারেননি রিয়াল মাদ্রিদ তারকা হামেস রদ্রিগেজ। কিন্তু বৃহস্পতিবার (বাংলাদেশ সময় শুক্রবার ভোর) সান্তিয়াগোয় চিলির বিপক্ষে মাঠে নেমেই নিজের গুরুত্ব বোঝালেন এই তরুণ সেনসেশন। তাঁর দেওয়া গোলেই চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র করে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে কলম্বিয়া।

আগের ম্যাচেই উরুগুয়ের কাছে ৩-০ গোলে হেরেছিল কলম্বিয়া। চিলির বিপক্ষেও যে কলম্বিয়া খুব একটা ভালো খেলেছে, এমনটা বলা যাবে না। সে ক্ষেত্রে রদ্রিগেজের গোলটা তাদের সম্মান বাঁচিয়েছে, এ কথা বলে দেওয়াই যায়।

আর্তুরো ভিদালের গোলে ম্যাচে ১-০ গোলে এগিয়ে থাকার পরেও ম্যাচটা ড্র হওয়া চিলির জন্য হতাশারই। পুরো ম্যাচেই বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকা চিলি গোলের সুযোগও নষ্ট করেছে বেশ কয়েকটি। তবে ম্যাচে আধিপত্য সেভাবে না থাকলেও কলম্বিয়ার রক্ষণ ছিল যথেষ্টই আঁটসাঁট।

চিলি ম্যাচে এগিয়ে যায় প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে। মাতিয়াস ফার্নান্দেজের একটি বাঁক খাওয়া ফ্রিকিক কলম্বিয়ার বক্সের মধ্যে পড়লে হেডে গোল করেন ভিদাল। তবে এর আগে চিলিয়ান গোলরক্ষক ক্লদিও ব্রাভোর পরীক্ষা নেন কলম্বিয়ার দানি তোরেস। তাঁর কোনাকুনি শটটি থেকে বিপদ হলেও হতে পারত। খেলার শুরুতেই অবশ্য আলেক্সিজ সানচেজের একটি শট ফিরিয়ে দেন কলম্বিয়ান গোলরক্ষক, সানচেজের আর্সেনাল সতীর্থ ডেভিড ওসপিনা।

দ্বিতীয়ার্ধে নিজেদের ঘর বাঁচিয়ে বেশ কয়েকটি প্রতি-আক্রমণে যায় কলম্বিয়া। তাঁর একটি থেকেই ম্যাচে সমতা ফেরান রদ্রিগেজ। ৬৮ মিনিটের সময় চিলির সীমানায় একটি বল মোটামুটি ফাঁকায় পেয়ে গিয়েই গোলটি করেন তিনি। তাঁর নিচু শটটি কোনো সুযোগই দেয়নি ব্রাভোকে। সূত্র: এএফপি।