হামেসকে পাচ্ছে ইউনাইটেড?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ালের জার্সিতে এ মৌসুমের পর হামেসকে দেখার সম্ভাবনা প্রায় শূন্য। ছবি: টুইটার
রিয়ালের জার্সিতে এ মৌসুমের পর হামেসকে দেখার সম্ভাবনা প্রায় শূন্য। ছবি: টুইটার

গুঞ্জনটি সত্যি হলে তিন পক্ষই খুশি হবে। দলবদলের বাজারের নতুন গুঞ্জন হলো, হামেস রদ্রিগেজকে দলে পাওয়ার জন্য রিয়াল মাদ্রিদের সঙ্গে যোগাযোগ করছে ম্যানচেস্টার ইউনাইটেড। কলম্বিয়ান প্লে মেকারকে স্পেনের রাজধানী থেকে ম্যানচেস্টারে নেওয়ার জন্য নাকি কয়েক দিনের মধ্যেই ইংল্যান্ডে হাজির হবেন সুপার এজেন্ট হোর্হে মেন্ডেস।

বিস্ময়কর এক মৌসুম পার করেছেন হামেস রদ্রিগেজ। আগের দুই মৌসুম বায়ার্ন মিউনিখে ধারে খেলা এই প্লে মেকার এ মৌসুমে রিয়ালে ফিরেছিলেন একটি উদ্দেশ্য নিয়ে--ক্লাব ছাড়বেন। জিনেদিন জিদানের আগের মেয়াদেই দলে গুরুত্ব হারিয়েছিলেন। ফলে দ্বিতীয় মেয়াদেও সুযোগ হবে না ধরে নিয়ে ক্লাব বদলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন হামেস। জিদানও আপত্তি করেননি। নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে বিক্রি করে দেওয়ার কাজটা প্রায় সেরে ফেলা হয়েছিল। কিন্তু প্রাক মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৭-৩ গোলের হারের পর রিয়াল বেকে বসে। এরই মাঝে মার্কোস ইয়োরন্তেকে অ্যাটলেটিকোর কাছে বিক্রি করেছে তারা, প্রতিদ্বন্দ্বীদের আরও শক্তিশালী করার সিদ্ধান্ত বোর্ড সদস্য ও সমর্থকেরা ভালোভাবে নেবেন না বলে দলবদলটা আটকে যায়।

নাটক তখন শেষ হয়নি। প্রাক মৌসুমে যাকে দলে রাখতে চাইছিলেন না জিদান, সেই হামেস মৌসুমের প্রথমদিকে প্রায় নিয়মিত একাদশে সুযোগ পেয়েছেন। তখন মনে হয়েছিল, নিজের রিয়াল ভাগ্যটা বোধ হয় বদলাচ্ছে ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন শু বিজয়ীর। কিন্তু সময় যত গড়িয়েছে ততই ধীরে ধীরে ব্রাত্য হয়ে পড়েছেন। বাকি মিডফিল্ডাররা দলে নিয়মিত হয়েছেন আর ওদিকে বেঞ্চে ব্যস্ত থেকেছেন হামেস। ফলে লিগ পুনরায় শুরু হওয়ার আগে এ নিয়ে নিজের দুঃখের কথা প্রকাশ্যেই বলেছেন তিনি। রিও ফার্ডিনান্ডের সঙ্গে এক ইউটিউব আড্ডায় নিজের সম্ভাব্য দলবদল নিয়েও কথা বলেছেন।

এখন দেখা যাচ্ছে ফার্ডিনান্ডের দলই হামেসের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। ব্রুনো ফার্নান্দেজ যোগ দেওয়ার পর এমনিতেই ম্যানচেস্টার ইউনাইটেডের ভাগ্য বদলে গেছে। তবু গতিশীল এক আক্রমণভাগের সঙ্গে হামেসকে খেলানোর সুযোগে আপত্তি থাকার কথা নয় কোচ ওলে গুনার সুলশারের। হামেসকে পাওয়ার জন্য বেশ কিছু ক্লাব আগ্রহী হলেও তাঁর বার্ষিক আট মিলিয়ন ইউরো বেতন দেওয়ার ক্ষমতা খুব বেশি দলের নেই। অ্যাটলেটিকো মাদ্রিদ এখনো আগ্রহী হলেও রিয়াল এ দলবদলে রাজি নয়। কিন্তু ম্যানচেস্টারের পক্ষে হামেসের বেতন দেওয়া কঠিন কিছু নয়। প্রিমিয়ার লিগ মৌসুম শেষ হওয়ার পরই হামেসের এজেন্ট মেন্ডেস ইউনাইটেডের সঙ্গে দেখা করবেন। ডেইলি এক্সপ্রেস জানিয়েছে, রিয়ালের কাছে প্রাথমিকভাবে ২৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠিয়েছে ইউনাইটেড। করোনা পরবর্তী পরিস্থিতিতে এমন অঙ্কে আপত্তি থাকার কথা নয় রিয়ালের।

এক দিকে হামেস পাচ্ছেন নতুন আবহে খেলার সুযোগ, রিয়াল পাচ্ছে ব্রাত্য হয়ে পড়া একজনকে ছেড়ে দেওয়ার সুযোগ, ওদিকে ইউনাইটেড পাচ্ছে হামেসের মতো এক তারকা প্লেমেকারকে নেওয়ার সুযোগ। দলবদলটা হলে এক কথায় সেটা হবে সবার জন্য ‘উইন-উইন-উইন’ পরিস্থিতি।