হামেসের ঠিকানা বায়ার্ন
ইতিহাসই গড়লেন হামেস রদ্রিগেজ। ২০১৪ সালে তাঁকে ৮০ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছিল রিয়াল মাদ্রিদ, আর গতকাল ২৫ বছর বয়সী এই কলম্বিয়ান মিডফিল্ডারকে দুই বছরের জন্য ধারে পাঠিয়ে দিল বায়ার্ন মিউনিখে। এত দাম দিয়ে কেনা কোনো ফুটবলারকে ধারে অন্য ক্লাবে খেলতে পাঠানোর ইতিহাস এটিই প্রথম!
সে যা-ই হোক, গত মৌসুমে রিয়ালে নিয়মিত খেলার সুযোগের জন্য মাথা কুটে মরা হামেস বায়ার্নে কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে পেয়ে খুশিই হবেন। তিন বছর আগে ইতালিয়ান কোচই রিয়ালে নিয়ে এসেছিলেন তাঁকে। দুই বছরের ধারে হামেসকে পেতে বায়ার্নের খরচ হচ্ছে ১০ মিলিয়ন ইউরো। দুই বছর পর অবশ্য তাঁকে পাকাপাকিভাবে দলে নেওয়ার সুযোগ থাকবে বায়ার্নের। সে ক্ষেত্রে গুনতে হবে আরও ৩৫.২ মিলিয়ন ইউরো।
হামেস যাওয়ার দিনে দুটি সুখবর পেয়েছে রিয়াল। লেফট ব্যাক থিও হার্নান্দেজকে কালই আনুষ্ঠানিকভাবে রিয়ালের জার্সিতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। মিডফিল্ডার দানি সেবায়োসও মেডিকেল পরীক্ষায় পাস করেছেন, আনুষ্ঠানিক চুক্তি এখন শুধু সময়ের ব্যাপার। বিবিসি, মার্কা